যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল
জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, মৃত্যুদণ্ডও কেবল শিশিরকণা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জিয়াউলকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা। এ সময় তিনি জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন জানান। যুক্তিতর্কে তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার জন্যও আবেদন জানান অ্যাটর্নি জেনারেল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। এ সময় জিয়াউলকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার, বিশ্ব মানবতার কলঙ্ক হিসাবে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউলের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক চলে। এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার হয়। এ মামলার একমাত্র আসামি জিয়াউল কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নেন।
বৃহস্পতিবারের যুক্তিতর্কে রুহুল কুদ্দুস কাজল বলেন, এটি উপযুক্ত এখতিয়ারসম্পন্ন ট্রাইব্যুনাল। বাংলাদেশের নিজস্ব আদালত হিসাবে এই ট্রাইব্যুনালের বিচার করার ক্ষমতা আছে। বিচার ন্যায্য এবং নিরপেক্ষ হয়েছে। আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ লাভ করেছে এবং করবে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও আইনের ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই আসামি যে অপরাধ করেছেন, এটা বেসামরিক জনগণের ওপর ব্যাপক এবং পদ্ধতিগত আক্রমণের অংশ, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।
অ্যাটর্নি জেনারেল বলেন, গুম একটি চলমান অপরাধ। যারা ফিরে আসেননি, যাদের লাশ পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে এই আসামি বিচারে সোপর্দ থাকা অবস্থায়ও তার অপরাধের অবসান ঘটেনি। এই আসামি নিজে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। অধস্তনদের আদেশ দিয়ে অপরাধ করতে বাধ্য করেছেন। ব্যক্তিগত, যৌথ ও ঊর্ধ্বতন কমান্ডারের দায়ে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
সব অভিযোগে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ জিয়াউলকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবতাবিরোধী অপরাধগুলোর প্রয়োজনীয় উপাদানগুলো আমরা (রাষ্ট্রপক্ষ) প্রমাণ করতে সক্ষম হয়েছি। পৃথিবীর যে কোনো ফৌজদারি আদালত এই সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে এই আসামিকে দোষী সাব্যস্ত করবেন।
এই মামলায় যেসব অপরাধের বিবরণ উঠে এসেছে তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে নির্যাতন, হত্যা করা ও গুম করে ফেলার মতো ঘটনা ঘটেছে। একটানা, একের পর এক, একাধিক। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই সেই জীবন ফিরিয়ে দিতে পারবে না। তবু অপরাধের বিচার হতে হবে।
দার্শনিকদের উক্তি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার। আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ রকম অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।’ জিয়াউলের এসব অপরাধের জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়-মন্তব্য করে রুহুল কুদ্দুস কাজল বলেন, এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও স্বজনদের দুর্ভোগের তুলনায় অতিসামান্য একবার মৃত্যুদণ্ডের সাজা। তার অপরাধ সমুদ্রসমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা। তদুপরি মেনে নিতে হবে যে বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত সহস মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। সব সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, রাষ্ট্রপক্ষ থেকে তা প্রয়োগের জন্য ট্রাইব্যুনালের প্রতি নিবেদন জানাচ্ছি। জিয়াউলের বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষী সাব্যস্ত করার আবেদন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রার্থনা করছি।
