ইউজিসি চেয়ারম্যান ও পাঁচ উপাচার্যের পদত্যাগ
পদ ছেড়েছেন ভিকারুননিসা কবি নজরুল শহীদ সোহরাওয়ার্দী তিতুমীরের অধ্যক্ষ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন। রোববার তার পাশাপাশি পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষক, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ।
এদিকে প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ দাবি করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বাঙলা কলেজ, ঢাকা কলেজের অন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না থাকা ও ছাত্রলীগের সঙ্গে মিলে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে তারা এ দাবি করেন। নিজস্ব প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের প্রতিবেদন-
ঢাকা : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। একই সঙ্গে ইউজিসির সচিব ফেরদৌস জামানকে বদলি করা হয়েছে। নতুন সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ফখরুল ইসলাম।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষক পদত্যাগ করেছেন। তারা হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এবং কলেজ শাখার অধ্যাপক ও গভর্নিংবডির (কলেজ) সদস্য ফারহানা খানম।
দুপুরে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা পদত্যাগপত্রে সই করেন। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের টিসি দেওয়া ও হেনস্তা করার অভিযোগে তাদের পদত্যাগ করতে বাধ্য করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। একই সঙ্গে সৈয়দা তানজিনা ইমাম নামে এক শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন তারা।
এছাড়া শিক্ষার্থীদের দাবির মুখে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। জানা গেছে, অধ্যক্ষ একটি সাদা কাগজে ‘আমি পদত্যাগ করলাম’ লিখে স্বাক্ষর করেন। একই সঙ্গে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক পরিষদও ভেঙে দেওয়া হয়েছে।
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর পদত্যাগ করেছেন।
রোববার দুপুরে শিক্ষার্থীদের দাবির মুখে একটি সাদা কাগজে পদত্যাগের স্বাক্ষর করে তিনি প্রতিষ্ঠান ত্যাগ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর লেখা এক চিঠিতে তিনি লিখেছেন, বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে আমার পক্ষে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না।
এদিকে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেছে প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। একই সঙ্গে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ এটিএম মইনুল ইসলামের পদত্যাগের দাবিতেও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মতিঝিল আইডিয়াল স্কুলে শিক্ষার্থীরা আন্দোলনের সময় নির্যাতনকারী শিক্ষকদের অপসারণের দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবিতে তারা অধ্যক্ষের কাছে রোববার স্মারকলিপিও দিয়েছেন। এতে সহকারী প্রধান শিক্ষক (বনশ্রী) কলিম মোরশেদ, সহকারী প্রধান শিক্ষক (মতিঝিল), মোকছেদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মহিউদ্দিন মাহিসহ আর বেশ কয়েকজন শিক্ষককে তারা দায়ী করেন।
এদিকে রোববার মতিঝিল আইডিয়াল স্কুল, ভিকারুননিসা নূন স্কুল, মনিপুর স্কুলে অধ্যক্ষ পরিবর্তন করে আর্মির ব্রিগেডিয়ার জেনারেল পদবির প্রশাসক বসানোর দাবি তুলেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভিভাবকরা। এই দাবির সঙ্গে সহমত পোষণ করে একটি বিবৃতি দিয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সেলিম মিয়া।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, রেজিস্ট্রারসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রেজিস্ট্রার হিসাবে আমি নিজেও পদত্যাগ করেছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ডা. জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবি করে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। রোববার সকালে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে আয়োজিত মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নিয়ে এ দাবি জানান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্য, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত), উচ্চ-শিক্ষা কো-অর্ডিনেটর, পরিবহণ শাখার পরিচালক পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি, আবাসিক হলের প্রাধ্যক্ষসহ মোট নয়জন পদত্যাগ করেছেন। উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর জাহিদ হাসান, অমিত পলাশ, আবু ওবায়দা রাহিদ, শারমিন সুলতানা, শেখ হাসিনা হলের প্রাধক্ষ্য অধ্যাপক ড. মেহের নিগার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, নওয়াব ফয়জুননেসা আবাসিক হলের শিক্ষক কাশমী সুলতানাও পদত্যাগ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের হেনস্তা, শিক্ষার্থীর গায়ে হাত তোলা, ছাত্রীকে যৌন নিপীড়ন, পরিকল্পিতভাবে রেজাল্টে নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগে দুই শিক্ষকের পদত্যাগসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচির আগে শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি মিছিল নিয়ে শহিদ মিনার চত্বরে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা আইন অনুষদের ডিন ও বিভাগের সভাপতি তাপস কুমার দাস ও সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালের পদত্যাগের দাবি জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। রোববার তৃতীয় দিনের বিক্ষোভের পরও উপাচার্য পদত্যাগ না করায় তারা এ ঘোষণা দেন। এর আগে শুক্র ও শনিবার উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও হলের প্রভোস্টদের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে উপাচার্য ও দুই উপ-উপাচার্য ছাড়া প্রক্টরিয়াল বডি ও ১৪ হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
ত্রিশাল (ময়মনসিংহ) : অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত শেখরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, শুধু দুর্নীতিবাজ ভিসির পদত্যাগ করলেই চলবে না, সঙ্গে তার সহচর ট্রেজারার, রেজিস্ট্রারকেও পদত্যাগ করতে হবে।
বেগমগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করেছেন। শনিবার রাতে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শনিবার রাতে শিক্ষার্থীদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় উপাচার্য, প্রফেসর ড. দিদারুল আলম, উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল বাকী এবং রেজিস্ট্রার মো. জসীম উদ্দিনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সমন্বয়করা ও শিক্ষার্থীরা।
