Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

ইফতার মাহফিলে তারেক রহমান

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে

ফাইল ছবি

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে তিনি সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কদিন আগে আমরা দেখেছি সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে। আমি একজন রাজনীতিবিদ হিসাবে বুঝি, এর পেছনে কোনো না কোনো ষড়যন্ত্র রয়েছে। দেশপ্রেমিক সব মানুষ যদি সচেতন ও সতর্ক থাকি, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবো। আমাদের যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত স্বৈরাচার সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে। জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে।

সাংবাদিকদের সতর্ক থাকার পাশাপাশি সত্য ঘটনা প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি, এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বর্তমানে বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা যদি নিজেদের জায়গা থেকে সত্য ঘটনা তুলে ধরেন তাহলে আমরা এ ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হব। আজ দলের পক্ষ থেকে আমার অনুরোধ, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য। পরবর্তীতে দেশের মানুষের অধিকার সমুন্নত রাখতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মাহুতি দিয়েছেন। গত ১৬-১৭ বছর গণতন্ত্র উত্তরণের লড়াইয়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়, আসুন তা নিয়ে আমরা কাজ করি।’

তারেক রহমান বলেন, জুলাই-আগস্টে যেসব নাগরিক স্বৈরাচারকে বিদায় করতে, নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, তাদের জীবন উৎসর্গ যেন সার্থক হয়, তার জন্য সবাইকে এক প্ল্যাটফরমে এসে দাঁড়াতে হবে। আমাদের সচেতন থাকতে হবে, সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কোথাও, কেউ একজন কিছু একটি করার চেষ্টা করছে। পতিত স্বৈরাচার সরকারের একটি মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হব। আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত-এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে প্রতিষ্ঠা করা ও দেশের মানুষের অর্থনীতির স্বাধীনতা নিশ্চিত করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। বিএনপির পক্ষ থেকে উত্থাপিত সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘সে সময়ে সাংবাদিকরা যেভাবে আমাদের পাশে ছিলেন এবং গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে ছিলেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আগামী দিনেও তিনি সাংবাদিকদের বিএনপির পাশে থাকার আহ্বান জানান।

ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদের আবার বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে।

তিনি বলেন, আজকে অত্যন্ত সুনিপুণভাবে একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাভেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য রাখেন। এছাড়া এই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

বিএনপি তারেক রহমান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম