সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (র.)
দ্বীপ জ্বেলেছেন গহীন আঁধারে
কুলসুম রশীদ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আত্মশুদ্ধির জন্য মহাত্মা ও সালেহিনদের জীবনী পাঠ করা জরুরি। শরিয়ত ও তরিকতের উজ্জ্বল রবি, বাংলা ও আসামের প্রধান হাদি হজরত মওলানা শাহ সুফি কারামত আলী জৌনপুরি (র.)। তিনি অর্ধশতাব্দীকাল বাংলা ও আসামে তরিকায়ে মুহাম্মাদিয়া প্রচার করে ইসলামকে পুনরুজ্জীবিত করেন। জীবদ্দশায় তিনি সুসংবাদ জানিয়েছিলেন-তার সবচেয়ে কনিষ্ঠ কন্যার একমাত্র পুত্রসন্তান তার বংশের সেরা রত্ন হবেন। তার সেই ভবিষ্যদ্বাণী বিফলে যায়নি। তার সেই দৌহিত্র হচ্ছেন বিশ্বের শতাব্দীশ্রেষ্ঠ অন্যতম জ্ঞান তাপস হজরত সৈয়দ রশীদ আহমদ আল-কাদরী জৌনপুরি (র.)। চরিত্র মাধুরীতে, সহানুভূতিতে ও ত্যাগ-তিতিক্ষায় তিনি ছিলেন রাসূল (সা.)-এর একান্ত অনুসারী। জমিদার নন্দন হয়েও পার্থিব সুখ সম্ভোগ ত্যাগ করে মাতার হুকুম রক্ষার্থে তিনি তার নানার পদাঙ্ক অনুসরণ করে জৌনপুর থেকে এ দেশে এসেছিলেন ১৯৬৩ সালে হেদায়েতের নুর ছড়াতে। এ কাজে তাকে বহু ত্যাগ-তিতিক্ষার মধ্যদিয়ে এগোতে হয়েছিল। মহান রাব্বুল আলামিন ও তার প্রিয় হাবিব রাসূল (সা.)-এর নির্দেশিত আদর্শের ওপর প্রতিষ্ঠিত ছিল তার জীবন। কঠিন রিয়াজতের মাধ্যমে প্রেমময় প্রভুর অসীম রহমতে সর্বোচ্চ রুহানি শক্তি অর্জনের পর পথভ্রষ্ট মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে হেদায়েতের পথে পরিচালিত করে গেছেন এবং রাসূল (সা.)-এর নীতি অনুসরণ করে এ দেশের মানুষকে প্রেমের ডোরে বেঁধে আল্লাহর পথে আহ্বান করেছিলেন।
তার জন্ম ভারতের জৌনপুরে ১১ রবিউস সানি ১৩০৮ হিজরিতে। পিতা হজরত সৈয়দ আব্দুল লতিফ আহমদ আল কাদরি ছিলেন বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি (র.)-এর ১৯তম বংশধর। মাতা হাফিজুন নেসা সিদ্দিকা (আয়েশা) হজরত আবু বকর (রা.)-এর বংশধর। প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় মায়ের কাছে। অতঃপর বাড়ির কাছে মাদ্রাসায় কুরআন হিফজ এবং দাওরায়ে হাদিসের দরস সমাপ্ত করেন অল্প বয়সে। আজমগড়ে গিয়ে ইলমে নাহু, ইলমে সরফ ও ইলমে ফিকাহতে উচ্চশিক্ষা সমাপ্ত করে কলকাতায় আসেন। এখানে এসে তিনি প্রথমে এন্ট্রান্স ও পরে এফএ পরীক্ষায় সফল হন। এরপর কঠোর সাধনা ও আধ্যাত্মিক মুজাহাদার জন্য চব্বিশ পরগনার অন্তর্গত সুন্দরবনে তিন বছর সময় অতিবাহিত করেন রব্বুল আলামিনের ধ্যানে। ২৩ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যান। ওখান থেকেই উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ৩৫ বছর বয়সে আমেরিকা গিয়ে হোমিওপ্যাথি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সমাপ্ত করে হজরত জৌনপুরি (র.) আধ্যাত্মিক সাধনার বিভিন্ন স্তরে পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন এবং ৪৪৫ সাধক পুরুষের সান্নিধ্যে এসেছেন। এদের মধ্যে তার পিতা হজরত শাহ সৈয়দ আব্দুল লতিফসহ (র.) আটজনকে তিনি জীবনে বিভিন্ন পর্যায়ে মুর্শিদ হিসাবে পাওয়ার সৌভাগ্য অর্জন করেন। তার মুর্শিদরা বিভিন্ন তরিকাপন্থি ছিলেন-কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, শাহজালালিয়া, ওয়ায়েসিয়া, কালেন্দারিয়া, সাবেরিয়া ও নিজামিয়া। তিনি আটজন মুর্শিদের কাছ থেকেই সর্বোচ্চ স্বীকৃতিসূচক ‘খেলাফত’ লাভ করেন। ওপরে উল্লিখিত নয়টি সিলসিলা সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। কিন্তু তার নিজের জীবনচর্চায় তিনি হজরত রাসূলে কারিম (সা.)-এর সুন্নাতকে সর্বাগ্রে স্থান দিতেন এবং সবাইকে কুরআন এবং সুন্নাতের আলোকে জীবনযাপনের পরামর্শ দিতেন।
বাংলাদেশে ৩৭ বছর অতিবাহিত করেছেন। বেশির ভাগ সময় মিরপুরে কাটিয়েছেন। অপরাধপ্রবণ এলাকা পূর্ব মণিপুরকে শান্তির আবাসস্থল বানিয়ে নামকরণ করেন নূরানীপাড়া। অসীম ধৈর্য, ত্যাগ-তিতিক্ষা ও ভালোবাসার বন্ধনে বেঁধে ইসলামের সঠিক পথে আনতে সক্ষম হয়েছিলেন। মাত্র একটি টিন দ্বারা ছাউনি দেওয়া মসজিদকে পাঁচতলাবিশিষ্ট মসজিদে বাইতুর রহিম কমপ্লেক্স বানিয়েছিলেন। প্রায় প্রতি শুক্রবার মিমবারে বসে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারেফতের জ্ঞান দান করতেন আগত মুসল্লিদের। তাসাউফের গূঢ় তত্ত্বগুলো সাবলীল ভঙ্গিতে সবার বোঝার মতো করে আলোচনা করতেন। তাতে শ্রোতাদের হৃদয়ে কম্পন জাগত, আল্লাহ ও তার পেয়ারা হাবিব (সা.)-এর প্রেমে সবার অন্তর উদ্বেলিত হয়ে যেত। তাকরিরের মধ্যেই সীমাবদ্ধ না থেকে প্রতিটি নির্দেশাবলি পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জীবনে পালন করে গেছেন। তার অলৌকিক গুণের এমন প্রভাব জনমানসে প্রতিভাসিত হয়েছিল যে, জ্যোতির্ময় মুখমণ্ডলে বিরাজমান আলোকছটা দেখে কঠিন মনের হিংস পুরুষও মোমের মতো গলে যেত।
আশিকে ও আওলাদে রাসূল হওয়ার কারণে তিনি সুন্নাতের অত্যন্ত বিনয়ী অনুসারী এবং হালাল পন্থায় রোজগার করে জীবিকা নির্বাহে সচেষ্ট ছিলেন। শারীরিক পরিশ্রমলব্ধ অর্থে জীবন নির্বাহ করতেন। চারটি ব্যবসা পরিচালনা করার কাজে প্রচুর পরিশ্রমে দিন পার করতে হতো। অর্জিত অর্থের সিংহভাগ ধর্ম-বর্ণ নির্বিশেষে গরিব অসহায়দের মধ্যে গোপনে বিলিয়ে দিতেন। একজন উচ্চমানের কবি ও সাহিত্যিক ছিলেন। পৃথিবীর ১১টি ভাষা তার আয়ত্বে ছিল। তবে ইংরেজি, আরবি, উর্দু, বাংলা ও হিন্দি ভাষায় কাব্যচর্চা করেছেন। তার রচিত গ্রন্থগুলো-১. কোরআন-হাদিস ও সূফীতত্ত্বের ভূমিকা, ২. তারিক আল-হক, ৩. ইসতাফসার ওয়া জাওয়াব, ৪. সত্যের প্রকাশ, ৫. সংলাপ সমগ্র, ৬. সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (র.) ধর্ম ও দর্শনের ভূমিকা, ৭. উরধষড়মঁব ড়ভ ওংষধস, ৮. রশীদ আহমদ জৌনপুরি (র.) স্মারক গ্রন্থ। শেষের চারটি গ্রন্থ প্রফেসর হারুন-উর-রশিদ সম্পাদনা করেছেন। পরবর্তী সময়ে হজরত সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (র.)-এর স্বহস্তে লিখিত হাদিসের আলোকে ‘জীবনের দীক্ষা’, কুরআনের আলোকে ‘জীবনের দিশা’ এবং কুরআন ও হাদিসের সংগতিপূর্ণ বাণীর আলোকে ‘যুগলবন্দি’ নামে তিনটি পুস্তক প্রফেসর মওলানা মুহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ হারুন-উর-রশীদ এবং আব্দুল্লাহ আল মাহমুদের সংকলনে ও সম্পাদনায় তিনটি পৃথক পুস্তক প্রকাশিত হয়। তার স্বরচিত পুস্তক এবং জ্ঞানগর্ভ ভাষণগুলোর ওপর রচিত মহামূল্যবান গ্রন্থগুলোর মধ্যে তিনি আজও জীবিত রয়েছেন।
১৪২২ হিজরির ১৬ জমাদিউস সানি, ৫ সেপ্টেম্বর ২০০১ সালের বুধবার বেলা ১১টায় এ মহান সুফি সাধক তার জাগতিক কর্তব্যকর্ম সমাপন করে সৃষ্টিকর্তার সঙ্গে মহামিলনের পথে পাড়ি জমান। তাকে সমাহিত করা হয় তার ইচ্ছানুযায়ী মসজিদের বারান্দাসংলগ্ন কবরস্থানে। ওছিয়ত করেছিলেন : ‘আমার কবরকে খুব সাজসজ্জা, ইবাদতখানা ও ব্যবসাকেন্দ্র বানাবে না, মোমবাতি ও আগরবাতি জালাবে না’।
এটি একটি ভিন্নধর্মী কবরগাঁহ। কোনো দানবাক্সের ব্যবস্থা নেই। উৎসাহী মুসল্লিরা স্ব-উদ্যোগে পরিছন্ন করে থাকেন। শরিয়তবিরুদ্ধ কোনো কাজ করার কেউ সাহস পায় না। নিয়মনীতি মান্য করে প্রচুর জিয়ারতকারী আসেন। আড়ম্বরহীন খুব মর্যাদাসম্পন্ন এ মাজার শরিফে এসে তারা ফয়েজে ফাইজিয়াব হয়ে যান। প্রতিবছর ১৬ জমাদিউস সানিতে ইসালে সওয়াব পালিত হয়। দেশ-বিদেশের প্রচুর মানুষের সমাগম হয়। তার শেখানো নিয়ম মেনে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথমে দরুদের সোয়া লাখবার খতম, কয়েকবার কুরআন খতম অতঃপর মিলাদ ও তবারক বিতরণ। বাদ আসর হামদ, নাত, কুরআন ও হাদিসের আলোকে আলোচনা চলে রাত ১০টা পর্যন্ত। তার রেখে যাওয়া আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়ে দিনদিন ভক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আধ্যাত্মিকতার যে আলো প্রজ্বলিত করে গেছেন, তার ফায়েজ ও বরকতের ধারা কেয়ামত পর্যন্ত সমভাবে প্রবাহিত থাকবে।
সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (র.)-এর বাণী :
১. হাত-পা ধোয়ার নাম ওজু না, মনপ্রাণ পবিত্র না হলে ওজু হয় না। তোমরা ভেতরের ও বাইরের ওজু করো।
২। যে শরীরের প্রতিটি লোমকূপ জিকির করে না সে শরীর মুর্দা।
৩। রাগের সময় এবং ভয়ের সময় যে আল্লাহকে ভুলে যায় সে কখনো ইমানদার হতে পারবে না।
৪। নামাজের প্রথম শর্ত হচ্ছে সত্য কথা বলা এবং হালাল রোজগার করা।
৫। হালাল রুজির বিনিময়ে যে খাদ্য অর্জিত হয়নি সে খাদ্য মানুষের ক্ষুধা নিবৃত্ত করতে পারে না।
লেখক : কবি ও ইসলামি চিন্তাবিদ
