Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

পাঠাওয়ের তথ্য চুরির দাবি ঘিরে সাইবার আতঙ্ক

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের তথ্যভান্ডার থেকে প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধীচক্র। এসব তথ্য প্রকাশ না করার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে ৪ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে ডার্ক ওয়েবে প্রকাশিত একটি স্ক্রিনশটে উল্লেখ করা হয়েছে। তবে বিপুল পরিমাণ তথ্য চুরি ও মুক্তিপণ দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ডার্ক ওয়েব পর্যবেক্ষণকারী এক্স অ্যাকাউন্ট ‘ডেইলি ডার্ক ওয়েব’-এ প্রকাশিত স্ক্রিনশটের তথ্যমতে, কথিত তথ্যভান্ডারে রয়েছে প্রায় ২৫ কোটি সারির তথ্য, যা ৫৯১টি টেবিলে সংরক্ষিত। এর মধ্যে ব্যবহারকারীদের নাম, ই-মেইল, ফোন নম্বর, পাসওয়ার্ডের হ্যাশ, জিপিএস লোকেশন, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য থাকার দাবি করা হয়েছে। পাশাপাশি বাসার ঠিকানা, প্রোফাইল ছবি, কর্মীদের বেতন ও জরুরি যোগাযোগের তথ্য এবং মার্চেন্ট ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ারও দাবি করেছে অপরাধীরা। তাদের হুমকি, ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিপণ না পেলে এসব তথ্য প্রকাশ করে দেওয়া হবে। তবে স্ক্রিনশটে তথ্যের কোনো নমুনা না থাকায় দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। ৭ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে পাঠাও জানায়, ৪ অক্টোবর সেবায় সমস্যা দেখা দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তী তদন্তে কিছু ব্যবহারকারীর নাম, ই-মেইল ও ফোন নম্বর অনাকাক্সিক্ষতভাবে হাতছাড়া হওয়ার তথ্য পাওয়া যায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তবে আর্থিক লেনদেন বা পাসওয়ার্ডসংক্রান্ত তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেছে তারা। বিশেষজ্ঞদের আশঙ্কা, জাতীয় পরিচয়পত্র ও পরিচয়সংক্রান্ত তথ্য সত্যিই ফাঁস হয়ে থাকলে পরিচয় জালিয়াতি, প্রতারণা ও সিম-সংক্রান্ত জালিয়াতির ঝুঁকি বাড়তে পারে। তাই গ্রাহকদের অপরিচিত লিংক এড়িয়ে চলা এবং ওটিপি, পিন ও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে পাঠাও।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিশু-কিশোরদের ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ

শিশু-কিশোরদের ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ

পাঠাওয়ের তথ্য চুরির দাবি ঘিরে সাইবার আতঙ্ক

পাঠাওয়ের তথ্য চুরির দাবি ঘিরে সাইবার আতঙ্ক

মেটার প্ল্যাটফর্মে নিষিদ্ধ টিকটক

মেটার প্ল্যাটফর্মে নিষিদ্ধ টিকটক

রাশিয়ায় প্রযুক্তি সম্মেলন গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম