সালিশে কিশোর গ্যাংয়ের হামলা বৃদ্ধ নিহত
Advertisement
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মীরসরাইয়ে সালিশি বৈঠক কেন্দ্র করে প্রতিপক্ষের কিশোর গ্যাংয়ের হামলায় শফিউল আলম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের আরও অন্তত ১০ প্রবীণ আহত হন। শুক্রবার উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শফিউলের স্বজনরা জানান, দুদিন আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজ শেষে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক হঠাৎ তাদের ওপর হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গেলে হামলাকারীদের কিল-ঘুসিতে গুরুতর আহত হন শফিউল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় আহত হন ওই গ্রামের সর্দার নাছির, আজিম উদ্দিন, ইউসুফ, সোহরাব, ডিম জাহাঙ্গীরসহ অন্তত ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে শফিউলের ভাতিজা প্রতিবন্ধী ফকির আহমদকে মেরে রক্তাক্ত করেন একই এলাকার রিংকু, রিপন ও রিজভীসহ একদল কিশোর গ্যাং। এ ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন নিয়ে শুক্রবার সালিশ বসে। ওই সালিশেই আবার কিশোর গ্যাং হামলা করে।
শফিউলের ছেলে আরাফাত হোসেন বলেন, এলাকায় কিছু কিশোর-তরুণকে নিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে রিংকু, রিপন ও রিজভী। এরা গত কয়েক মাসে এলাকায় অনেক ঘটনা ঘটিয়েছে। অনেকে ভয়ে মুখ খুলতে পারছেন না, প্রতিবাদও করতে পারছেন না। প্রতিদিন মাদক সেবন করে এলাকায় নানা অপরাধ করছে। আমার বাবাকে হত্যার বিচার চাই। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
