নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
Advertisement
বান্দরবান দক্ষিণ ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টায় ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায় সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের বিকট শব্দের পর স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দেয়। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে দুপুর আড়াইটায় তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিহতরা হলেন সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা, নিওমং চাকমার ছেলে অংকেমং ও অইমং চাকমার ছেলে চিংকা অং। তাদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়ায়।
স্থানীয়রা বলেন, নিহতরা সবাই সীমান্তসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে আগে থেকে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কীভাবে ওই এলাকায় স্থলমাইন পোঁতা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
জামায়াতের উদ্বেগ : নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানিতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সীমান্তে তিনজনের প্রাণহানি জাতির জন্য খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। তিনি আরও বলেন, সীমান্ত এলাকাসহ সারা দেশের কোথাও নাগরিকরা সুরক্ষিত নয়। সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর দায় সরকার এড়াতে পারে না। স্থলমাইন বিস্ফোরণে নাগরিকদের মৃত্যুসহ সব অনাকাক্সিক্ষত মৃত্যুরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
