চট্টগ্রামে আবার একই স্টাইলে চাঁদা দাবি
২০ লাখ টাকা না দেওয়ায় হামলা ককটেল বিস্ফোরণ
Advertisement
চট্টগ্রাম ব্যুরো ও হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম জসিম উদ্দিন। তার চাল ও চিনির ব্যবসা রয়েছে। হাটহাজারী থানার বড় দিঘিরপাড় এলাকায় তার পাইকারি দোকান রয়েছে। সম্প্রতি তিনি ১০ তলা বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন।
ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। সর্বশেষ বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাকে ফোন দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এক যুবক। বলে, পোলাপাইন আছে টাকা দিতে হবে। না দিলে নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। তখন তিনি (জসিম উদ্দিন) নাইম নামে এক বিএনপি নেতার সঙ্গে ওই যুবককে কথা বলতে বলেন। কিন্তু চাঁদা দাবি করা যুবক বলে, ‘কারও সঙ্গে কথা বলতে হবে না। ১০০ জন পুলিশ নিয়ে বসে থাকলে তোমাকে গুলি করা হবে। চাঁদা না দিলে মরতে হবে।’ এই হুমকি প্রদানের দুদিনের মাথায় তার বাড়িতে হামলা হলো।
তিনি আরও জানান, মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ সশস্ত্র ব্যক্তি লেগুনায় এসে সকালে তার নির্মাণাধীন ভবনের সামনে নামে। তখন ১০ তলা নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকরা কাজ করছিলেন। সন্ত্রাসীরা ভবনে ঢুকে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর ভবনের দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে হাসান সাকি নামের এক শ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ভবনের নিরাপত্তাকর্মীসহ কয়েকজন শ্রমিককেও মারধর করা হয়। পরে যাওয়ার সময় সন্ত্রাসীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে। তবে কারা তাকে হুমকি দিয়েছে তা তিনি জানেন না। এই ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ যুগান্তরকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’
স্থানীয় লোকজন জানান, শুধু জসিমের নির্মাণাধীন ভবন নয়, বড় দিঘিরপাড় এলাকায় নির্মাণাধীন ৮ থেকে ১০টি ভবনে ফোন করে চাঁদা নিয়েছে সন্ত্রাসীরা। স্বাধীনতার পর তাদের এলাকায় এভাবে চাঁদাবাজির ঘটনা ঘটেনি।
এর আগে ১১ জুলাই ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’-এর স্বত্বাধিকারীকে ‘ডেবিড ইমন’ পরিচয়ে হোয়াটসঅ্যাপে কল করে ভয়ভীতি দেখানো হয়। সন্ত্রাসীরা এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করে দুদিনের সময় বেঁধে দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, ১৩ জুলাই চকবাজার থানাধীন চন্দনপুরা বাকলিয়া অ্যাক্সেস রোডের ‘মরিয়ম হাইটস’ ভবনের তৃতীয়তলায় অবস্থিত ডিডিএন-এর অফিসে ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল সশস্ত্র হামলা চালায়।
