লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
মানতে হবে তিন শর্ত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি আইন প্রতিপালন, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং লাইসেন্সের নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার শর্তে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স ফিরিয়ে দিয়েছে সরকার। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা এক স্মারকে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা আদেশে বলা হয়েছে, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল এবং আপিলের বিস্তারিত বিবরণ পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন শেষে যে প্রতিবেদন দাখিল করেছে, তা সন্তোষজনক বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।
হাসপাতালটিকে যেসব শর্ত মানতে হবে, সেগুলো হলো-দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুযায়ী সব বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করতে হবে। এছাড়া লাইসেন্সের শর্ত লঙ্ঘন করা হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
এর আগে ১১ জুন এক চিঠিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই চিঠিতে বলা হয়, লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিলের আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার আইনি সুযোগ রয়েছে।
ঈদুল আজহার আগের দিন ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে। প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকা, বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই ছয় নবজাতকের মৃত্যুর সম্ভাব্য কারণ।
এরপর ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। একই দিন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা ৭ জুন বিকাল ৫টার মধ্যে জানাতে বলা হয় নোটিশে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
পরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের যে জবাব দিয়েছে, তা সন্তোষজনক নয়।
