শীতের সবজির লাভ গুনছে ফড়িয়ারা
বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের
মানিকগঞ্জে হাতবদলেই দাম বাড়ছে ৪ গুণ, ঠকছেন কৃষক-ক্রেতা * উৎপাদন খরচই তুলতে পারছেন না রাজারহাটের কৃষক * দামুড়হুদায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য * মেহেরপুরে হতাশায় খেত ভেঙে ফেলছেন কৃষক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ব্যাপক ফলনের পরও লোকসানের মুখে কুড়িগ্রামের উলিপুরের উত্তর দলদলিয়া চতলারপাড় গ্রামের কৃষক আব্দুল হামিদ -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শীতকালীন সবজি ও মরিচের বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে ফসলের সমারোহ, তবু কৃষকের মুখে হাসি নেই। সার, বীজ, ডিজেল ও শ্রমিকের মজুরি বাড়লেও বাজারে মিলছে না ফসলের ন্যায্যমূল্য। উৎপাদন খরচ তুলতে না পেরে বড় লোকসানে পড়ছেন চাষিরা। মেহেরপুরে মরিচ বিক্রির টাকায় শ্রমিকের মজুরিও উঠছে না; লোকসান সইতে না পেরে খেত ভেঙে ফেলছেন কৃষক। অন্যদিকে কুড়িগ্রাম ও মানিকগঞ্জে পুঁজি হারিয়ে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। তবে মাঠে সবজির দাম তলানিতে নামলেও খুচরা বাজারে এর কোনো সুফল নেই। কৃষকের খেত থেকে ১৫ টাকা কেজি দরে কেনা সবজি কয়েক দফা হাতবদলের পর বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অর্থাৎ ভোক্তার হাতে পৌঁছাতেই দাম বাড়ছে চারগুণ। ফলে মাঝখান থেকে লাভের সিংহভাগ পকেটে ভরছেন মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা। ঠকছেন কৃষক ও ক্রেতা।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি হাবিবুর রহমান হাবীব জানান, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া চতলারপাড় গ্রামের কৃষক আব্দুল হামিদ এবার ৫০ শতক জমিতে পাঁচ হাজার ফুলকপির চারা রোপণ করেছিলেন। প্রতিটি চারা কিনতে খরচ হয়েছে দুই টাকা। জমি বর্গা নেওয়াসহ তার উৎপাদন খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকার বেশি। অথচ এ পর্যন্ত ফুলকপি বিক্রি করে পেয়েছেন মাত্র ৭০ হাজার টাকা। জমিতে বিক্রির মতো আর তেমন ফুলকপিও নেই।
হতাশ কণ্ঠে আব্দুল হামিদ বলেন, ফুলকপি চাষ করে এবার আমি নিঃস্ব। এনজিও ব্যুরো বাংলাদেশ থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে আবাদ করেছিলাম। ১১টি কিস্তির মধ্যে পাঁচটি পরিশোধ করেছি। বাকি ছয়টি কিস্তি কী দিয়ে পরিশোধ করব, বুঝতে পারছি না। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ফুলকপির ফাঁকে শসা ও শসাজাতীয় সবজিও চাষ করেছেন বলে জানান তিনি।
রাজারহাট উপজেলার কৃষক সৈয়দ আলীও ফুলকপি চাষ করে বড় লোকসানে পড়েছেন। এবার ৪০ শতক জমিতে ফুলকপি চাষ করতে তার খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। অথচ এ পর্যন্ত ফুলকপি বিক্রি করে পেয়েছেন মাত্র ৫০ হাজার টাকা। তার লোকসান দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার টাকা। সৈয়দ আলী বলেন, এবার ফলন ভালো হয়েছে; কিন্তু বাজারে দাম নেই।
লালমনিরহাট সদর উপজেলার ৭০ বছরের কৃষক কান্দু চন্দ্র বর্মণ দুই বিঘা জমিতে আগাম জাতের ৮ হাজার ৪০০টি ফুলকপির চারা রোপণ করেছিলেন। এতে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে প্রায় ৮ হাজার গাছে ফুলকপি ধরেছে। প্রতিটি ফুলকপির ওজন হয়েছে প্রায় ৭০০ গ্রাম। উৎপাদন খরচ পড়েছে প্রতিটি ১৩ থেকে ১৪ টাকা। অথচ বর্তমানে সেগুলো বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১১ টাকায়।
কৃষকের লোকসানের চিত্র উঠে এসেছে স্থানীয় সবজিবাজারেও। রাজারহাটের নাজিমখান বাজারের কাঁচামাল ব্যবসায়ী এনামুল কবির বলেন, যখন কৃষকের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ফুলকপি কিনেছি, তখন খুচরা বাজারে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি করেছি। এখন ১৬ থেকে ১৮ টাকা দরে কিনেও খুচরা বাজারে ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। বাজারে ক্রেতা তেমন নেই। আবার এক-দুই দিন পড়ে থাকলেই ফুলকপি পচে যায়।
মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার মতিউর রহমান জানান, মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইরসহ জেলার সাত উপজেলায় এবার শীতকালীন সবজির ব্যাপক আবাদ হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, বেগুন, লাউ, মিষ্টিকুমড়াসহ নানা সবজিতে ভরে উঠেছে মাঠ। ভালো ফলন ও সরবরাহ বাড়ায় উৎপাদন পর্যায়ে সবজির দাম কমেছে। কিন্তু সেই অনুপাতে কমেনি খুচরা বাজারে।
শনিবার সরেজমিনে সাটুরিয়া উপজেলার কালীগঙ্গা নদীর তীরঘেঁষা তিল্লি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, নদীর দুই পাশের বিস্তীর্ণ জমিতে নানা ধরনের শীতকালীন সবজির সমারোহ। ইউনিয়নের শোলাই গোবিন্দপুর গ্রামের কৃষানি রাহেলা বেগম এবার এক বিঘা জমিতে আগাম বাঁধাকপি এবং দেড় বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন। তিনি বলেন, মৌসুমের শুরুতে প্রতি মন ফুলকপি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করেছিলাম। এখন সেই দাম অর্ধেকে নেমে এসেছে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে সবজি উৎপাদন করলাম, কিন্তু খরচের তুলনায় লাভ হচ্ছে না। বাজারে দাম না থাকায় আমাদের শ্রমের কোনো মূল্য থাকছে না।
পশ্চিম চর তিল্লি গ্রামের কৃষক স্বপন মিয়া বলেন, জমিতে রক্ত পানি করে সবজি উৎপাদন করি আমরা, অথচ লাভবান হচ্ছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা।
সাটুরিয়ার ফুকুরহাটি গ্রামের কৃষক বিল্লাল হোসেন আক্ষেপ করে বলেন, আমাদের কাছ থেকে পাইকাররা প্রতি কেজি ফুলকপি ১৫ টাকা দরে কিনে নিচ্ছেন। সেই ফুলকপিই ক্রেতাদের কাছে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি করছেন। মাঝখানের এত টাকা যাচ্ছে কোথায়? এতে কৃষক ও সাধারণ ক্রেতা-উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রায় ১০ বিঘা জমিতে ফুলকপি চাষ করা কৃষক আসলাম বলেন, চাষাবাদে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু ফলন আশানুরূপ হয়নি। এখন খেতের সবজি বিক্রি করে বড়জোর দুই থেকে আড়াই লাখ টাকা পেতে পারি। বাজারের এমন পরিস্থিতিতে আমাদের আর কিছু করার থাকে না।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মুনাফার লোভে ক্রেতাদের ঠকানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুল জানান, দামুড়হুদা, দর্শনাসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাঠজুড়ে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, পটোলসহ নানা সবজির সমারোহ। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হলেও সেই আনন্দ নেই কৃষকের মুখে। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে মাঠেই সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অথচ কৃষকের কাছ থেকে হাতবদল হয়ে একই সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ গুণ দামে। মাঠপর্যায়ে ব্যবসায়ীরা ৭ থেকে ১০ টাকা কেজি দরে বিভিন্ন সবজি কিনে নিচ্ছেন। অন্যদিকে সেই সবজি কয়েক দফা হাতবদল হয়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।
দামুড়হুদার একাধিক কৃষক জানান, মাঠে সবজি উৎপাদন করতে গিয়ে সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে যে টাকা খরচ হচ্ছে; বর্তমান বিক্রয়মূল্যে সেই খরচই উঠছে না। বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করতে হচ্ছে। কারণ, জমিতে সবজি রেখে দিলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
তবে ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহণ ব্যয়, গাড়ি ভাড়া, শ্রমিকের মজুরি ও বাজারজাতকরণের খরচ বেড়েছে। এসব ব্যয়ের প্রভাব পড়ছে খুচরা বাজারের দামে।
চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শীতকালীন আগাম সবজির উৎপাদন ভালো হয়েছে। কৃষক যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, মধ্যস্বত্বভোগীদের কেউ সিন্ডিকেট করে পণ্য বিক্রির চেষ্টা করলে তাদের সতর্ক করা হচ্ছে। এ ধরনের সিন্ডিকেট প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আযম জানান, জেলা শহরের বেড়পাড়ার শাহীন মল্লিক ঝাউবাড়িয়া গ্রামের মাঠে সাড়ে চার বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন। এতে তার খরচ হয়েছে ১ লাখ ১১ হাজার টাকা। কিন্তু বাজারে মরিচের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তো উঠছেই না, মরিচ সংগ্রহের শ্রমিকের মজুরি দিতেও হিমশিম খাচ্ছেন তিনি। এক মন মরিচ বিক্রির টাকা দিয়েও শ্রমিকের মজুরি মেটেনি। উলটো নিজের পকেট থেকে আরও ২০০ টাকা দিতে হয়েছে। শেষ পর্যন্ত লোকসানের আশঙ্কায় তিনি মরিচের খেত ভেঙে ফেলেছেন। শাহীন মল্লিক বলেন, শ্রমিকের মজুরি, সারের দুষ্প্রাপ্যতা এবং উৎপাদন উপকরণের দাম বৃদ্ধিতে চাষাবাদের খরচ অনেক বেড়েছে। অথচ বাজারে ফসলের দাম নেই। এভাবে চলতে থাকলে কৃষকের পক্ষে চাষাবাদ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। মেহেরপুরের প্রত্যেক মরিচচাষি এমন পরিস্থিতির শিকার।
মেহেরপুরের অর্থনীতির বড় একটি অংশ কৃষির ওপর নির্ভরশীল। এ জেলার বহু কৃষক ধান, পাট, সবজিসহ বিভিন্ন ফসল আবাদ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু উৎপাদন খরচ বাড়লেও বাজারে ফসলের ন্যায্য দাম না পাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। এবার মরিচচাষেও দেখা দিয়েছে একই চিত্র। জমি থেকে মরিচ তুলে বাজারে বিক্রি করে যে টাকা পাওয়া যাচ্ছে, তা দিয়ে শ্রমিকের মজুরিই মেটানো যাচ্ছে না। কোনো কোনো কৃষককে শ্রমিকের মজুরি দিতে নিজের পকেট থেকে টাকা যোগ করতে হচ্ছে। লোকসান এড়াতে অনেকে মরিচের খেত ভেঙে গমসহ অন্য ফসল আবাদের প্রস্তুতি নিচ্ছেন। মেহেরপুরে ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ হাজার টন।
সদর উপজেলার শ্যামপুর গ্রামের কৃষক জারজিস হোসেন জানান, একজন শ্রমিক সারা দিনে জমি থেকে প্রায় ২০ কেজি মরিচ সংগ্রহ করতে পারেন। এজন্য শ্রমিককে দিতে হয় ৩শ টাকা। এর বাইরে পাইকারি বাজারে লেবার খরচ, আড়তের কমিশন ও পরিবহণ বাবদ প্রতি কেজি মরিচে আরও ৪ টাকা খরচ হয়। সব মিলিয়ে ২০ কেজি মরিচ সংগ্রহ ও বাজারজাত করতে খরচ দাঁড়ায় ৩৮০ টাকা। অথচ প্রতি কেজি ১৫ টাকা দরে বিক্রি করে পাওয়া যায় ৩শ টাকা। এতে প্রতি ২০ কেজি মরিচে লোকসান হচ্ছে ৮০ টাকা। এক বিঘা জমিতে মরিচ চাষ করতে তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এবার সেই বিনিয়োগও উঠে আসছে না।
