Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

তরঙ্গের দাম নির্ধারণ

গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

সরকার হারাতে পারে ৩ হাজার কোটি টাকা * রবি-বাংলালিংকের চিঠি বিটিআরসিতে

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের মোবাইল ফোন অপারেটরদের জন্য ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অপারেটরদের অভিযোগ-তরঙ্গের দাম নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি নিজেই নিজের নিয়ম ভঙ্গ করেছে। তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা প্রবিধানমালা-২০১৮ অনুযায়ী, বড় মোবাইল অপারেটরের জন্য তরঙ্গের দাম বেশি থাকবে। ছোট অপারেটরদের জন্য সেই তরঙ্গের দাম তুলনামূলকভাবে কম হবে। যেমনটি ২০১১ সালের তরঙ্গের মেয়াদ নবায়নের ক্ষেত্রে করা হয়েছিল। বিটিআরসির এই নিয়মভঙ্গের কারণে সরকার ৩ হাজার কোটি টাকা পর্যন্ত রাজস্ব হারাতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। তবে এ ব্যাপারে সরকারি কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, তরঙ্গ নিলামের দাম নিয়ে অপারেটররা ভিন্নমত দিয়েছে। তাই সার্বিক বিষয়গুলো নিয়ে বিটিআরসিতে চিঠি পাঠানো হয়েছে। বিটিআরসির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী মঙ্গলবার যুগান্তরকে জানিয়েছেন, তিনি ওইদিনই বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন চেয়ারম্যান হিসাবে মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান বুধবার যোগ দিয়েছেন। সুতরাং নতুন চেয়ারম্যান হয়তো আগামী সপ্তাহ থেকে এ ব্যাপারে কাজ করবেন।

দেশের তিন মোবাইল অপারেটর-রবি, গ্রামীণফোন এবং বাংলালিংকের ৯০০, ১ হাজার ৮০০ এবং ২ হাজার ১০০ ব্যান্ডের ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মেয়াদ শেষ হয়েছে ১০ নভেম্বর। এই তরঙ্গের মেয়াদ নতুন করে বাড়ানোর জন্য ১৫ অক্টোবর বিটিআরসি টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। বিটিআরসির এই প্রস্তাবের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় সুদসহ ২০ বছরের জন্য বরাদ্দ দিতে মতামত দিয়েছে।

টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি মোবাইল অপারেটরের মধ্যে রবি ও বাংলালিংক বিটিআরসি এবং নীতিনির্ধারকদের চিঠি দিয়ে দাবি করেছে, তরঙ্গ বরাদ্দের মতো স্পর্শকাতর সিদ্ধান্তে একটি অপারেটরকে (গ্রামীণফোন) নানাভাবে পক্ষপাত করা হয়েছে। কারণ ২০১১ সালে ওই তিন ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দিতে বিটিআরসি একটি গাইডলাইন (সেলুলার মোবাইল ফোন অপারেটর অ্যান্ড লাইন্সেসিং গাইডলাইনস-২০১১) প্রকাশ করে। সেই গাইডলাইনের ৮ নম্বর পাতায় বলা হয়েছে-তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে মোবাইলের গ্রাহক সংখ্যা এবং কোম্পানির আয় অনুযায়ী বাজার প্রতিযোগিতা ফ্যাক্টর (এমসিএফ) প্রযোজ্য হবে। এই এমসিএফ অনুযায়ী গ্রামীণফোন ওই তিন ব্যান্ডের তরঙ্গের দাম ভিত্তি মূল্যের চেয়ে ১ দশমিক ৪৮ শতাংশ, বাংলালিংক (তখন দ্বিতীয় বৃহৎ অপারেটর ছিল) ১ দশমিক ০৬ শতাংশ এবং রবি (ওই সময়ে তৃতীয় বৃহৎ মোবাইল অপারেটর) দশমিক ৯৯ শতাংশ দাম দেবে। এতে বাজারে প্রতিযোগিতা থাকবে। এছাড়া বাজারে যাতে সুস্থ প্রতিযোগিতা হয় এবং সব অপারেটর টিকে থাকতে পারে, সেজন্য ২০১৯ সালের ১৯ মার্চ বিটিআরসির উপপরিচালক নাহিদুল ইসলাম চিঠি দিয়ে একটি সিদ্ধান্ত জানিয়ে দেন সংশ্লিষ্টদের। সেখানে বলা হয়, দেশে প্রচলিত আইন বিশেষ করে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা প্রবিধানমালা-২০১৮-এর প্রবিধান ৯ অনুযায়ী ২০টি ক্ষেত্রে গ্রামীণফোনের ব্যবহার বা মূল্য অন্যদের চেয়ে ভিন্ন হবে। সেই ২০টির মধ্যে ৪ নম্বরই হচ্ছে তরঙ্গ ব্যবহার বা বরাদ্দ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের ব্যাপক রাজস্ব ঘাটতি আছে। তাই এ মুহূর্তে (চলতি অর্থবছরের মধ্যে) সরকার এই তরঙ্গ বরাদ্দ থেকে কমপক্ষে ৫ হাজার কোটি টাকা আয় করতে চাইছে। এ ধরনের একটি ইঙ্গিত নীতিনির্ধারকরা মোবাইল অপারেটরদের দিয়েছেন বলে জানা গেছে। এক্ষেত্রে বিটিআরসি নিজের নীতি কার্যকর করলে এই টাকা আদায় করা সম্ভব বলে অনেকে মনে করেন।

এক্ষেত্রে এমসিএফ কার্যকর করলে সরকার তিন হাজার কোটি টাকার মতো রাজস্ব বেশি পেত। কিন্তু বিটিআরসির একটি পক্ষ তাদের নিজেদের নীতি বা সিদ্ধান্ত কার্যকর না করে একটি মোবাইল অপারেটরকে হাজার হাজার কোটি টাকা থেকে বাঁচিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বাংলালিংকের করপোরেট এবং রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান তাইমুর রহমান যুগান্তরকে বলেন, দেশে প্রতিযোগিতামূলক আইন বা কম্পিটিশন ল’ আছে, যাতে করে বাজারে একটি সুস্থ প্রতিযোগিতা হয়। সবাই একটি প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা করতে পারে। এজন্য সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং যা করার তা করবে। ২০১১ সালেও বিটিআরসি তা-ই করেছিল। না হলে ডাটা এবং ভয়েসের বাজার টেকসই হবে না।

মূল্য নির্ধারণে বৈষম্যের অভিযোগ : ৯০০, ১৮০০ এবং ২১০০ ব্যান্ডের ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মেয়াদ বাড়ানো হবে তিন অপারেটরের। এর মধ্যে গ্রামীণফোনের ৯০০ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ, ১৮০০ ব্যান্ডে ১৫ মেগাহার্টজ এবং ২১০০ ব্যান্ডে ১০ মেগাহার্টজ। বাংলালিংকের ৯০০ ব্যান্ডে ৫ মেগাহার্টজ, ১৮০০ ব্যান্ডে ১৪ দশমিক ৪ মেগাহার্টজ এবং ২১০০ ব্যান্ডে ৫ মেগাহার্টজ। রবির ৯০০ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ, ১৮০০ ব্যান্ডে ১০ মেগাহার্টজ এবং ২১০০ ব্যান্ডে ৫ মেগাহার্টজ। অপারেটররা বিটিআরসির কাছে অভিযোগ করে বলেছে, তরঙ্গ বরাদ্দ এবং মূল্য নির্ধারণের ব্যাপারে বিটিআরসি একজন পরামর্শক নিয়োগ দিয়েছিল। সেই পরামর্শক কোন ব্যান্ডের জন্য কত মূল্য হতে পারে তা নির্দিষ্ট করে না দিয়ে কম-মাঝারি থেকে বেশি মূল্য পর্যন্ত একটি মূল্যস্তর নির্ধারণ করে দেয়। এক্ষেত্রে ৯০০ ব্যান্ডের ক্ষেত্রে উচ্চমূল্য, ১৮০০ ব্যান্ডের ক্ষেত্রে মধ্যম মূল্য এবং ২১০০ ব্যান্ডের ক্ষেত্রে মধ্যম মূল্যের চেয়ে কম মূল্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১৫ বছরের জন্য ৯০০ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ২৩৭ কোটি, ১৮০০ মেগাহার্টজের জন্য ১৯৮ কোটি এবং ২১০০ ব্যান্ডের তরঙ্গের জন্য ১৭২ কোটি টাকা। এর ফলে দেখা গেছে, তিন ব্যান্ড হিসাব করলে গড়ে প্রতি মেগাহার্টজের দাম আসে গ্রামীণফোনের জন্য ১৯৮ কোটি ৮৮ লাখ টাকা, বাংলালিংকের ২০০ কোটি ৬৬ লাখ টাকা এবং রবির জন্য ২০৫ কোটি ৮ লাখ টাকা। এক্ষেত্রেও গ্রামীণফোন সুবিধা পাচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। তবে এ ব্যাপারে যোগাযোগ করে গ্রামীণফোনের কাছ থেকে কোনো মন্তব্য বুধবার পর্যন্ত পাওয়া যায়নি। গ্রমীণফোনের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ঊর্ধ্বতনরা এখন বিদেশে আছেন। তাই গ্রামীণের মন্তব্য পাঠাতে দেরি হবে।

প্রসঙ্গত, বিগত অন্তর্বর্তী সরকার আমলে কোনোরকম প্রতিযোগিতা ছাড়াই গ্রামীণফোনকে এককভাবে ৭০০ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসি। ওই সময় দুই মোবাইল অপারেটর বারবার আপত্তি করলেও বিটিআরসি সেটি শোনেনি।

রবি আজিয়াটা এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের মূল্য ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের সমান হওয়া উচিত। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ও ২০২৫ সালের অক্টোবরে গৃহীত সিদ্ধান্তে এই অবস্থানকে সমর্থন জানিয়েছিল। কিন্তু বর্তমান প্রস্তাবটি মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত থেকে সরে আসারই ইঙ্গিত দেয়। ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের একক মূল্য ১৮০০ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের তুলনায় বেশি নির্ধারণের ফলে তুলনামূলকভাবে ছোট অপারেটরদের ওপর অসম আর্থিক চাপ তৈরি হচ্ছে এবং তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়ছে। রবি দীর্ঘদিন ধরেই এ ধরনের বৈষম্য নিয়ে উদ্বিগ্ন। আমাদের বিশ্বাস, তরঙ্গের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অপারেটরের আকার বা বাজার অবস্থান নির্বিশেষে ন্যায্যতা, সুস্থ প্রতিযোগিতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এদিকে টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, তরঙ্গ বরাদ্দের বিষয়টি এখন জটিল আকার ধারণ করেছে। কারণ অপারেটরদের লাইন্সের মেয়াদ আছে ১২ বছর ৪ মাস। এর মধ্যে বিটিআরসি তরঙ্গের মেয়াদ ১৫ বছর করলেও সেখানে অর্থ মন্ত্রণালয় তরঙ্গের মূল্য নির্ধারণ করেছে ২০ বছর হিসাব করে। তাই পুরো বিষয়টি নিয়ে টেলিযোগাযোগমন্ত্রী এবং উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল অপারেটররা সাক্ষাৎ করে তাদের মতামত দিয়েছে।

৯০০ মেগাহার্টজ ব্যান্ড তুলনামূলকভাবে বিস্তৃত এলাকায় নেটওয়ার্কের আওতা তৈরি ও ঘরের ভেতরে সংযোগ পৌঁছাতে বেশি কার্যকর। ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে নেটওয়ার্কের আওতা ও ধারণক্ষমতার মধ্যে ভারসাম্য পাওয়া যায়। আর ২১০০ মেগাহার্টজ ব্যান্ড ব্যবহার করা হয় মূলত নেটওয়ার্কের ধারণক্ষমতা ও ডেটা সেবার চাহিদা মেটাতে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

শীতের সবজির লাভ গুনছে ফড়িয়ারা বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

২৫৬ সেতুসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন

২৫৬ সেতুসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন

তরঙ্গের দাম নির্ধারণ গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম