২৫৬ সেতুসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন
ব্যয় হবে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংসদ-সদস্যদের নির্বাচনি এলাকায় ২৫৬টি সেতু নির্মাণে নেওয়া প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অনুমোদন পাওয়া মোট ১৬ প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত ২টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পে। ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
সূত্র বলছে, সংসদ-সদস্যরা নির্বাচনের আগে নিজ নিজ এলাকায় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেই মূলত এ প্রকল্প নেওয়া হয়েছে। তবে এই ২৫৬টি সেতু দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব নয়; এ জন্য তাদের অনুরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আরও একটি নতুন প্রকল্প নেওয়ার চিন্তা করছে।
প্রকল্পের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে মাঝনদীতে কোনো খুঁটি বসানো হবে না। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য হবে ১০০ মিটারের বেশি।
এদিকে একনেক সভায় ‘দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি’র জন্য ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো-দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্পটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
এছাড়া জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ব্যয় বৃদ্ধি করা হয়েছে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা।
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। এতে প্রকল্প ঋণ হিসাবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা রাখা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।
