Logo
Logo
×
   

শেষ পাতা

‘হোমিওপ্যাথিক তরল পান’

হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলায় ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন লাখাই থানার ওসি শরীফ আহমেদ।

পুলিশ খবর পেয়ে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা হলেন-লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত (৪৫)।

পুলিশ ও স্বজনরা জানান, ওই পাঁচজন উপজেলার মোড়াকরি বাজারের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহলজাতীয় তরল কিনে নিয়মিত পান করতেন। মঙ্গলবার রাতে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তারা বুধবার ও বৃহস্পতিবার একে একে সবাই মারা যান। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সুজিতের মৃত্যু হয়। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যান সুদেব। রঞ্জিত মারা যান ঢাকায় নেওয়ার পথে। এছাড়াও নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ গ্রামেই মারা যান।

ওসি শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে নিহতদের স্বজনরা পুলিশকে না জানিয়েই চারজনের লাশ দাহ করেন। পরে সুদেব দাসের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তিনি বলেন, ‘তারা যে তরল পান করেছিলেন, সেটির উৎস কী, এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না-তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, খোঁজখবর নেওয়া হচ্ছে।’ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি শরীফ আহমেদ জানিয়েছেন। সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. দেবাশীষ দাস বলেন, কীভাবে মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার বিকল্প নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .