Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

লোকসভায় প্রতিবেদন

ভারতে বসে শেখ হাসিনার রাজনীতির সুযোগ নেই

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতে বসে শেখ হাসিনার রাজনীতির সুযোগ নেই

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়, ভারতে অবস্থানকালে হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পাননি।

বৃহস্পতিবার ওই কমিটি ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করে। এতে পররাষ্ট্রবিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ এবং পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। এ কমিটির চেয়ারপারসন হলেন কংগ্রেসের সংসদ-সদস্য শশী থারুর।

সংসদীয় কমিটির ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে। সে সময় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিকে অনুরোধ জানানো হয়েছিল।

এর মধ্যে হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। নতুন সরকার গঠনের পর তারাও দিল্লিকে একই অনুরোধ জানায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে ভারত সরকারের কাছে জানতে চেয়েছিল ওই সংসদীয় কমিটি। এর পরই ওই জবাব দেওয়া হয়।

হাসিনাকে রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেওয়া হচ্ছে না : ভারতে অবস্থানরত শেখ হাসিনা অনলাইনে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তার নামে বিবৃতিও প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমকে তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না।

পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি জানিয়েছে, ‘চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ’ হিসাবে শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে যে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূমি ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।

সংসদীয় কমিটি আরও জানায়, অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতি অনুসরণ করে আসছে ভারত। একই সঙ্গে ওই কমিটি সুপারিশ করেছে, ভারত সরকার যেন এসব নীতি ও মানবিক অবস্থান বজায়ে রাখে। পাশাপাশি যথাযথ সংবেদনশীলতা ও ভারতের আন্তর্জাতিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম