ক্যাম্পাসকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর আফতাবনগরে মঙ্গলবার ‘জুলাই বিপ্লবের বিজয়’ শীর্ষক আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন ছাত্রশক্তির নেতারা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাস ও হল দখলের রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা শিক্ষার পরিবেশের জন্য হুমকি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘ফোরাম রেজিস্ট্যান্স টু ভিক্টরি : লিগাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলা হয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিন। ছাত্রদের সঙ্গে কোনো সংঘাতে জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করুন। শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই সরকার যদি মনে করে সবকিছু দখল করবে, তাহলে সেটি ভুল হবে। অতীতে এমন চিন্তার পরিণতি দেশ দেখেছে।’
জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তারা গণ-অভ্যুত্থানের ট্রাম্প কার্ডের মতো ভূমিকা রেখেছিল। ১৭ জুলাইয়ের দমন-পীড়নের পর অনেকেই ভেবেছিল আন্দোলন আর এগোবে না। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নতুন গতি এনে দেন। তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও ডকুমেন্টেশন প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে এ বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা।
