Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

এডিবির পূর্বাভাস

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে

Advertisement

মাত্র দুই মাসের ব্যবধানে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে। এর আগে জুলাইয়ে প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। বুধবার প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর ২০২৬’ প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ।

এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার শুরু হয়েছে। তবে বৈদেশিক অভিঘাত ও অভ্যন্তরীণ সীমাবদ্ধতায় পুনরুদ্ধার ঝুঁকির মধ্যে রয়েছে। সামষ্টিক অর্থনীতি, আর্থিক খাত, জ্বালানি নিরাপত্তা ও ব্যবসার পরিবেশে সংস্কার ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেন তিনি। এডিবির প্রতিবেদনে বলা হয়-চলতি অর্থবছরে সেবা ও কৃষি খাত প্রবৃদ্ধির বড় সহায়ক হতে পারে। অন্যদিকে উচ্চ ঋণব্যয়, ঋণের সীমিত সুযোগ, জ্বালানি সংকট ও দুর্বল বৈদেশিক চাহিদায় শিল্প ও বিনিয়োগ খাত চাপে থাকবে। প্রবাসী আয়নির্ভর বেসরকারি ভোগ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলেও উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করবে।

চলতি হিসাবের ঘাটতিও বাড়ার পূর্বাভাস দিয়েছে এডিবি। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ থাকা ঘাটতি চলতি অর্থবছরে বেড়ে শূন্য দশমিক ৬ শতাংশ হতে পারে। আমদানি বৃদ্ধির হার রপ্তানির চেয়ে বেশি হওয়ায় এ ঘাটতি বাড়বে। তবে প্রবাসী আয় শক্তিশালী থাকায় বৈদেশিক খাতের স্থিতিশীলতায় তা সহায়ক হবে।

বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে ঋণ দিচ্ছে এডিবি : ঢাকার আশপাশের শিল্প ও শহরাঞ্চলে বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে ২০ কোটি ডলার বা ২ হাজার ৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি। এ অর্থে ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৫২টি সাবস্টেশনে নতুন ট্রান্সফরমার স্থাপন, দুই হাজার ৬০০ কিলোমিটারের বেশি বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়ন এবং বিদ্যুৎ সরবরাহের ত্রুটি দ্রুত শনাক্তে ৯০০টি যন্ত্র স্থাপন করা হবে। বুধবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় ২০ কোটি ডলার ঋণ দেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়াতে আধুনিক বিদ্যুৎ বিতরণব্যবস্থা গুরুত্বপূর্ণ। প্রকল্পটি ঢাকার আশপাশের প্রবৃদ্ধি-নির্ভর এলাকাগুলোর বিদ্যুৎ অবকাঠামোকে ভবিষ্যতের চাহিদার উপযোগী করতে সহায়তা করবে।

এডিবি জানায়, ২০২২ সালে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন অর্জন করলেও দ্রুত নগরায়ণ ও শিল্পায়নে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এতে বিতরণ নেটওয়ার্কের ওপর চাপ বাড়ছে। নতুন প্রকল্পের মাধ্যমে সেই সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া বিআরইবি ও পিবিএসগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ডিজিটাল ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ ও সামাজিক সুরক্ষা এবং আর্থিক ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানো ও কর্মপরিবেশ উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে।

এ প্রকল্পে এডিবির ঋণের পাশাপাশি বাংলাদেশ সরকার ১০ কোটি ৭৯৫ লাখ ডলার এবং বিআরইবি ১৪ কোটি ১৩৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ সহঅর্থায়ন করবে। এছাড়া এডিবির ব্যবস্থাপনায় পরিচালিত কোরিয়া সরকারের ‘ই-এশিয়া অ্যান্ড নলেজ পার্টনারশিপ ফান্ড’ থেকে ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা অনুদান দেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম