কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখি
Advertisement
সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে দেখা মিলেছে বিরল প্রজাতির ধনেশ পাখির। সম্প্রতি এ প্রজাতির পাখি দুটির বিচরণ রয়েছে কাপ্তাই জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি বিট এলাকায়, যা বুধবারও একসঙ্গে পাশাপাশি প্রকাশ্য দেখা মেলে।
বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ব্যাঙছড়ি বিটে পাখি দুটির উপস্থিতি রয়েছে। এদের নিরাপত্তা ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বনাঞ্চলের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়া বাঞ্ছনীয়। বিরল প্রজাতির পাখি বা বন্যপ্রাণীর দেখা মিললে তা ধরার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করা উচিত। একই সঙ্গে ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে পাখিটিকে বিরক্ত না করার জন্যও দায়িত্বশীল থাকতে হবে। সংশ্লিষ্টরা জানান, ধনেশ সাধারণত বড় আকৃতির বননির্ভর পাখি। বনজ পরিবেশের সঙ্গে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন ধরনের ফল ও অন্যান্য প্রাকৃতিক খাদ্য গ্রহণের পাশাপাশি বনাঞ্চলে বীজ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধনেশ। ফলে বনজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এ পাখির উপস্থিতি তাৎপর্যপূর্ণ। তারা আরও জানান, কাপ্তাই জাতীয় উদ্যান দীর্ঘদিন ধরে নানা প্রজাতির পাখি, বন্যপ্রাণী ও উদ্ভিদের নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত। পাহাড়, বন ও কাপ্তাই হ্রদঘেরা এ অঞ্চলে বিভিন্ন সময় বিরল ও পরিযায়ী পাখিরও দেখা মেলে। নতুন করে বিরল ধনেশ পাখির উপস্থিতি স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বকে আরও সামনে নিয়ে এসেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ আহসান বলেন, পাখিটি কালো-সাদা হয়। ওগুলো পুরুষ ও স্ত্রী পাখি বলে মনে করা হচ্ছে। এ ধরনের পাখির উপস্থিতি একটি এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য ইতিবাচক দিক নির্দেশ করে। কাপ্তাই জাতীয় উদ্যানে এদের উপস্থিতি থাকলে পাখিগুলোর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।
স্থানীয়রা বলেন, বনাঞ্চলে বিরল পাখির উপস্থিতি কাপ্তাইয়ের প্রাকৃতিক পরিবেশ বন্যপ্রাণীর জন্য উপযোগী বলে প্রমাণ করে। এসব পাখি ও বন্যপ্রাণীর আবাসস্থল নিরাপদ রাখতে বন উজাড় ও শিকার বন্ধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
