কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, ভাঙচুর
Advertisement
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার লালন মাজারে রোববার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহ’র মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনা এখনো জানি না। উনি (নাসীরুদ্দীন পাটওয়ারী) ব্যক্তিগত সফরে কুষ্টিয়া আসছেন। আমাদের তো জানায়নি। শুনছি, কে বা কারা হামলা করছে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে।
মাজার প্রাঙ্গণে রাত ৮টার দিকে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা গেট আটকে দাঁড়িয়ে আছেন। ভেতরে অবস্থান করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির নেতাকর্মীরা। এর ৫-৭ মিনিট পরে তাকে বের করে নিয়ে যান পুলিশ সদস্যরা।
এক প্রত্যক্ষদর্শী বলেন, সন্ধ্যা ৬টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী মেলার মাঠে ঘুরতে আসেন। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে মাজারে প্রবেশ করেন। মাজারে গান শুনে বের হওয়ার সময় তিনি হামলার মুখে পড়েন। এসময় তাকে লক্ষ্য করে একদল যুবক ইটপাটকেল নিক্ষেপ করে।
এনসিপির দলীয় সূত্র জানায়, ব্যক্তিগত সফরের অংশ হিসাবে নাসীরুদ্দীন পাটওয়ারী রোববার কুষ্টিয়া সফরে এসে প্রথমে কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন। সন্ধ্যায় সেখান থেকে কুমারখালীর ছেঁউড়িয়ায় মরমী সাধক লালন শাহের আখড়াবাড়িতে আসেন। লালনের মাজার পরিদর্শন শেষে তিনি স্থানীয় শিল্পীদের গান শুনছিলেন এবং ফেসবুকে লাইভ করছিলেন। এ সময় তার ওপর হামলা হয় এবং তার গাড়িটি ভাঙচুর করা হয়। এনসিপির একটি সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া পৌর ছাত্রদলের সদস্য সংগ্রামের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি জানান, ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাসী নয়। যদি এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো নেতা বা কর্মী জড়িত থাকে তবে তার দায়-দায়িত্ব তাকে বা তাদেরকেই বহন করতে হবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়।
