গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্প
এক্সকেভেটর দিয়ে ধ্বংস চারশ গাছ
Advertisement
গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে সম্প্রতি ম্যানগ্রোভ প্রকল্পের গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা -সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর গলাচিপায় জমি দখল করার উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ এক্সকেভেটর (ভেকু) দিয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি বিটের আওতায় দক্ষিণ চরবিশ্বাস ম্যানগ্রোভ বাগানে এ ঘটনা ঘটে। পরে দক্ষিণ চরবিশ্বাসের বাসিন্দা মো. শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে বন বিভাগ গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বন বিভাগ সূত্র জানায়, গলাচিপা উপজেলার চর আগস্তি বিটে ৭৫ হেক্টর ভূমিতে ২০১৫ সালে ম্যানগ্রোভ প্রকল্পের আওতার বাগান সৃজন করা হয়। শনিবার বিকালে স্থানীয় শাহিন হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জন এক্সকেভেটর দিয়ে তরমুজ বাগান করার জন্য বেড়িবাঁধ তৈরি করছিলেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা চলে আসে। এ সময় এক্সকেভেটর দিয়ে ৪ শতাধিক ম্যানগ্রোভ গাছ ধ্বংস করে তারা।
অভিযোগের বিষয়ে স্থানীয় শাহিন হাওলাদার জানান, ওই চর ২০০৪-২০০৫ ও ২০০৫-২০০৬ অর্থবছরে গলাচিপা ভূমি অফিস ভূমিহীন কৃষকদের মধ্যে বন্দোবস্ত দিয়েছে। বন বিভাগ ওই চরে কোনো গাছ লাগায়নি। সেখানে প্রাকৃতিকভাবে কিছু আগাছা জন্ম দিয়েছে।
বন বিভাগের গলাচিপা বিটের কর্মকর্তা আবদুল বারেক বলেন, এই চরে আমরা ২০১৫ সাল থেকে ম্যানগ্রোভ গাছের বাগান সৃজন করেছি। স্বাভাবিক বন পাহারার অংশ হিসাবে আমরা বনের মধ্যে এক্সকেভেটর দিয়ে বাঁধ দিতে দেখলে বাধা দেই।
গলাচিপা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, মো. শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
