কুষ্টিয়ায় নাসীরুদ্দীনের ওপর হামলা
মামলা নেয়নি পুলিশ, বিক্ষোভ মিছিলেও বাধা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জন্য ছাত্রদলের নেতাকর্মীকে দায়ী করেছে দলটি। হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলও আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় পণ্ড হয়ে গেছে।
সোমবার বিকালে শহরের পাবলিক লাইব্রেরির মাঠে মিছিলটি আটকে দেয় পুলিশ। হামলার প্রতিবাদে এদিন বরিশালেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া : গত রোববার কুষ্টিয়ার লালন সাঁইজির আখড়াবাড়িতে নাসীরুদ্দীনের ওপর হামলা হয়। এ ঘটনায় মামলা করার জন্য কুমারখালী থানায় গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন এনসিপির জান্নাতুল ফেরদৌস টনি ও সুলতান মারুফসহ নেতাকর্মীরা। এ সময় থানার বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, ‘ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করতে চাইলেও তা করতে দেয়নি পুলিশ। বিকাল ৫টা পর্যন্ত পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। তবে সেখান থেকে বের হতে চাইলে তাতে বাধা দেওয়া হয়।
এনসিপির জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। সেখানে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। নিরাপত্তার কথা বিবেচনায় মাঠে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, বিক্ষোভকারীদের নিরাপত্তাঝুঁকি আছে। তারা যতক্ষণ ইচ্ছা পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে বিক্ষোভ করতে পারেন।
বরিশাল : কুষ্টিয়ায় নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এনসিপি মহানগর ও জেলা শাখা। এদিন বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। বরিশাল জেলা আহ্বায়ক আবু সাইদ মুসার সভাপতিত্বে এতে বক্তব্য দেন মহানগর সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক কাজী আবু জাইদ, যুবশক্তির জেলা আহ্বায়ক খালেদ মাহমুদ প্রমুখ। সমাবেশে বক্তারা নাসীরুদ্দীনের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
