জাতীয় শিশু অধিকার দিবস আজ
অধিকার নিয়ে শিশুর লড়াই
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ শিশু। অথচ সব ক্ষেত্রেই লড়াই করতে হচ্ছে তাদের অধিকার নিয়ে। যৌন নির্যাতনসহ নানা সহিংসতার শিকার শিশুরাই। ঘর কিংবা বাইরে, সর্বত্রই নিজেদের জীবন নিয়ে শঙ্কায় থাকতে হয়। শিশু অধিকার কিংবা শিশু দিবস-এমন দিবসগুলোতেও নিজেদের অধিকার ও নিরাপত্তার কথাগুলোই বলছে দেশের শিশুরা।
আজ জাতীয় শিশু অধিকার দিবস পালন করছে সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম জানান, ৬ অক্টোবর জাতীয় শিশু অধিকার দিবস ২০২৬ পালন করা হচ্ছে। শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত স্লোগানের মধ্য দিয়ে দিবসটির সঙ্গে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্যাপনও হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানটি হবে।
দিবসটি যখন পালিত হচ্ছে-এই মুহূর্তে দেশে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমিক রয়েছে এবং ১১ লাখের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। বিদ্যমান শ্রম আইন ২০০৬ অনুযায়ী ১৪ বছরের কম বয়সি শিশুদের কাজ করানো হলে তা শিশুশ্রম হিসাবে গণ্য হবে। কেউ যদি শিশু শ্রমিক নিয়োগ দেন, তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করার কথা বলা আছে আইনে।
ইউনিসেফ ও আইএলও বলছে, ২০২৪ সালে বিশ্বে প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু শ্রমে যুক্ত ছিল, যার মধ্যে ৫ কোটি ৪০ লাখ শিশুই ছিল ঝুঁকিপূর্ণ কাজে। এ কারণে তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। অথচ এসব শিশু নিজেদের শতভাগ অধিকার নিয়ে বেঁচে থাকার কথা। খাদ্য, বাসস্থান থেকে শুরু করে শিক্ষা-চিকিৎসা সবই ওদের শতভাগ পাওয়ার অধিকার রয়েছে।
