Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

Advertisement

ফ্রান্সের অঁরি কাগাঁ ও জাপানের কেনসো সোয়াই রসায়নে যৌথভাবে এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্রকৃতিতে কেন কিছু অণুর দুটি প্রতিবিম্বিত রূপের মধ্যে শুধু একটিই দেখা যায়, সেই শত বছরের পুরোনো রহস্যের সমাধান করেছেন তারা। বুধবার বিকাল পৌনে ৪টার দিকে সুইডিশ একাডেমি অব সায়েন্সেস নোবেল বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তারা জানান, ‘অ্যাসিমেট্রিক অর্গানিক সংশ্লেষণে নন-লিনিয়ার প্রভাব ও অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য’ তাদের এই পুরস্কার দেওয়া হয়। খবর রয়টার্সের।

অ্যামিনো অ্যাসিডের মতো অনেক অণুর দুটি প্রতিবিম্বিত রূপ থাকে। দেখতে এগুলো অনেকটা ডান ও বাঁ হাতের মতো। কিন্তু মানবদেহের কোষে থাকা প্রোটিনে সাধারণত এর একটিমাত্র রূপ পাওয়া যায়। প্রকৃতিতে অন্য রূপটি খুবই বিরল। এই বৈশিষ্ট্যকে বলা হয় ‘হোমোকাইরালিটি’। সুইডিশ রয়্যাল একাডেমি অব সায়েন্সেস বলেছে, কেন প্রকৃতিতে অণুর একটি নির্দিষ্ট ‘হাত’ বা রূপ প্রাধান্য পেল, সেটিই ছিল এক শতাব্দীরও বেশি সময়ের পুরোনো রাসায়নিক রহস্য।

নোবেল কমিটির রসায়নবিষয়ক চেয়ারম্যান হেইনার লিংকে সংবাদ সম্মেলনে বলেন, অঁরি কাগাঁ ও কেনসো সোয়াই দেখিয়েছেন-কীভাবে হোমোকাইরালিটি স্বতঃস্ফূর্তভাবে তৈরি হতে পারে। তিনি বলেন, তারা যে রাসায়নিক বিক্রিয়াগুলো উদ্ভাবন করেছেন, সেগুলো ‘অসাধারণ’। তারা দুজন পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি বিশ লাখ সুইডিশ ক্রাউন বা ১২ লাখ মার্কিন ডলারের বেশি পাবেন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা) ভাগ করে নেবেন।

৯৫ বছর বয়সি কাগাঁ ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস-স্যাক্লের ইমেরিটাস অধ্যাপক। ৭৬ বছর বয়সি সোয়াই টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের অধ্যাপক। বুধবার নোবেল ফাউন্ডেশনের সঙ্গে কথা বলার সময় সোয়াই জানান, পুরস্কারের খবর পাওয়ার সময় তিনি কেনাকাটা করছিলেন। তিনি বলেন, এটি তার জীবনের ‘সবচেয়ে আনন্দদায়ক দিনগুলোর একটি’। অন্যদিকে, পুরস্কার ঘোষণার আগে কাগাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি নোবেল একাডেমি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাগাঁকে অভিনন্দন জানিয়েছেন। তার এ অর্জনকে তিনি ফ্রান্সের জন্য ‘অসাধারণ গর্বের উৎস’ বলে উল্লেখ করেন।

রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির কেমিস্ট্রি ওয়ার্ল্ড সাময়িকীর সম্পাদক ফিলিপ ব্রডউইথ বলেন, কাগাঁ ও সোয়াইয়ের কাজের মাধ্যমে অণুর কোন ‘হাত’ তৈরি হবে, তা নিয়ন্ত্রণের মৌলিক বিষয়টি বোঝা গেছে।

ওষুধ তৈরির পাশাপাশি স্বাদ, সুগন্ধি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরিতেও এটি অত্যন্ত গুরত্বপূর্ণ বলে জানান তিনি। ব্রডউইথ আরও বলেন, পৃথিবীর সব কাইরাল অণু-যেমন প্রোটিন, চিনি ও অন্যান্য জৈব অণু-কেন একটি নির্দিষ্ট রূপে স্থির হয়েছে, তাদের গবেষণা তার সম্ভাব্য ব্যাখ্যাও দেয়।

১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ডিনামাইট আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য-এই পাঁচটি খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে এর সঙ্গে অর্থনীতি বিভাগ যুক্ত হয়।

গত সোমবার চিকিৎসায় পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। আজ বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি ও আগামী ১৩ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

জোয়ারে সুন্দরবনে জীবনযুদ্ধ

জোয়ারে সুন্দরবনে জীবনযুদ্ধ

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম