Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু

অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

Advertisement

জাহিদ হাসান

জাহিদ হাসান

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

Advertisement

দেশে ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। প্রতিদিন বিভিন্ন বয়সি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাকেন্দ্রে ভিড় করছে। অক্টোবরের প্রথম ৬ দিনে রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৫৯৬ জন। অর্থাৎ দৈনিক আক্রান্ত হয়েছেন ২০৯৯ জন। এ সময়ে ৪৪ জন অর্থাৎ ৭ জনের বেশি (৭ দশমিক ৩৩) রোগী মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চাহিদার তুলনায় জায়গা সংকুলান না হওয়ায় সরকারি হাসপাতালের মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত অসংখ্য নারী, পুরুষ ও শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে বুধবার জানানো হয়েছে, চলতি বছর সেপ্টেম্বরে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

জনস্বাস্থ্যবিদরা যুগান্তরকে বলেছেন, অনিয়মিত বৃষ্টিপাতে যত্রতত্র জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপমাত্রার ওঠানামা, অপরিকল্পিত নাগরায়ণে পরিবেশদূষণসহ বিভিন্ন কারণে দেশে মশার প্রজনন বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু ভাইরাসের জন্য দায়ী এডিস মশার বংশবিস্তার বাড়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। যথাসময়ে চিকিৎসা না নেওয়ায় গুরুতর অসুস্থ রোগীরা মারা যাচ্ছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর ব্যর্থতাও এর জন্য দায়ী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৭, ঢাকা উত্তর সিটির হাসপাতালে ২১২, ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে ১৭১ এবং বিভাগ অনুসারে খুলনায় ৩৭৬, ময়মনসিংহে ১১০, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৩৮ ও সিলেটে ১৪ জন রয়েছেন।

বুধবার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশে ২৮৯ জনের মৃত্যু হয়েছে।

নিপসমের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার যুগান্তরকে বলেন, ‘চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে, যার ধারাবাহিকতা অক্টোবরের প্রথমেও দেখা যাচ্ছে। তাপমাত্রা ও বৃষ্টিপাতের সঙ্গে সামঞ্জস্য রেখে এডিস মশার প্রজননস্থল যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন ডেঙ্গু শুধু শহরকেন্দ্রিক নেই, প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকারের প্রতিটি ইউনিটে প্রশিক্ষিত জনবল দিয়ে শক্তিশালী মনিটরিং টিমের তত্ত্বাবধানে এ কার্যক্রম চালানো জরুরি। একই সঙ্গে কোনো এলাকায় ডেঙ্গুর ক্রস-ট্রান্সমিশন কত দ্রুত হচ্ছে, তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচিত হটস্পটগুলোয় দক্ষ ও চৌকশ টিম মোতায়েন করতে হবে।’

ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ, এটা ঠিক না-স্বাস্থ্যমন্ত্রী : ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ, এমনটি মনে করেন না স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ডেঙ্গুর জন্য যা করণীয়, সব ধরনের চেষ্টা করছে সরকার। দিনরাত চিকিৎসা চলছে হাসপাতালগুলোয়। প্রটোকল অনুযায়ী যা করণীয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব করা হচ্ছে। তাই ডেঙ্গু চিকিৎসায় সরকার ব্যর্থ, এটা সঠিক নয়।’ বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হওয়ার হার প্রায় ৯০ শতাংশ। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোয় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। ডেঙ্গু রোগীদের অনেকেই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি।

এ সময় বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘১ ডিসেম্বর ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্যাম্পেইন চলাকালে সারা দেশে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

জোয়ারে সুন্দরবনে জীবনযুদ্ধ

জোয়ারে সুন্দরবনে জীবনযুদ্ধ

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম