Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব গুরুত্ব পাবে: হুমায়ুন কবির

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে মূলত দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া হবে। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশ নেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে। এতে পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বিনিয়োগ অংশীদারত্ব চায়। জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে।

হুমায়ুন কবির বলেন, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে তারেক রহমান গত এপ্রিলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও স্থায়িত্ব মোকাবিলায় টোকিওর উদ্যোগে অনুষ্ঠিত এক অনলাইন সম্মেলনে যুক্ত হয়ে এ অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সেই সম্পৃক্ততা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর জাপান সরকারের আস্থা বৃদ্ধি করতে সাহায্য করে। তিনি জানান, আসন্ন সফরে খাতভিত্তিক সহযোগিতা এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। খুব শিগ্গিরই তিনি সুবিধাজনক সময়ে এ সফরে যাবেন। সৌদি যুবরাজ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে হুমায়ুন কবির বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের কোনো কম্প্রোমাইজ (আপস) নেই। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও আপসহীন। মুসলিম বিশ্বের পবিত্র স্থান ও মসজিদ রক্ষার যে কোনো উদ্যোগে সহযোগিতা চাওয়া হলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।

এর আগে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লন্ডনে ১২৭ কোটি টাকার বাড়ি নাসার নজরুলের

লন্ডনে ১২৭ কোটি টাকার বাড়ি নাসার নজরুলের

বিশ্ব কন্যাশিশু দিবস আজ ঘরে-বাইরে বাড়ছে শঙ্কা

ঘরে-বাইরে বাড়ছে শঙ্কা

সহিংসতা-যৌন নির্যাতন দশ বছরে ৫২৬৪ কন্যাশিশুর মৃত্যু

দশ বছরে ৫২৬৪ কন্যাশিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব গুরুত্ব পাবে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব গুরুত্ব পাবে: হুমায়ুন কবির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম