চুয়েটে অচলাবস্থা
ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে ঢুকে অবরুদ্ধ উপাচার্য
Advertisement
আসাদুল্লাহ গালিব, চুয়েট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢুকেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে শিক্ষার্থীরা তাকে দুপুর ১২টার মধ্যে প্রশাসনিক ভবন ত্যাগের আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ভবন ত্যাগ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা লাগিয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় ডিবি পুলিশের সাত কর্মকর্তা আটকা পড়েন। পাঁচ ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের সাত কর্মকর্তা বের হয়ে যান। উদ্ভূত পরিস্থিতিতে আজ (মঙ্গলবার) থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতি। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন।
এদিকে নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করার খবরে উত্তপ্ত পরিস্থিতিতে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে চুয়েটগামী একটি বাস অবরুদ্ধ করা হয় বলে জানা গেছে। সেখানে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। এরপর বিকাল সোয়া ৪টার দিকে নগরীর বহদ্দারহাটে শিক্ষার্থী বহনকারী আরেকটি বাসেও দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১১ ও ১২ অক্টোবর ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত একটি সভায় চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য ১০ অক্টোবর বিকালে ঢাকায় যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তার অনুপস্থিতিতে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব অর্পণ করেন। তবে পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী উপাচার্য ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেলেও সোমবার সকালে হঠাৎ চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন নতুন উপাচার্য। এ সময় ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক আট থেকে ১০ জন শিক্ষার্থীও তার সঙ্গে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। ২৪ সেপ্টেম্বর তিনি অনলাইনে যোগদান করলেও ১৮ দিন পর সোমবার প্রথমবারের মতো ক্যাম্পাসে প্রবেশ করেন।
যন্ত্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আবেগ ও ক্যাম্পাসের সর্বস্তরের দাবিকে চরমভাবে উপেক্ষা করে এবং আমাদের সঙ্গে রীতিমতো বেইমানি করে তথাকথিত উপাচার্য শরিফুল আলম তার রাজনৈতিক ক্যাডার বাহিনী নিয়ে ভিসি ভবনের তালা ভেঙে প্রবেশ করেছেন। ভিসি বিল্ডিং ত্যাগ করার জন্য দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেটি উপেক্ষা করে তিনি ও তার সহযোগীরা ভেতরে অবস্থান করায় আমরা ভিসি ভবন তালাবদ্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছি। অবিলম্বে আমাদের এক দফা দাবি মেনে নিয়ে সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত ভিসি ভবন এভাবেই তালাবদ্ধ থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের যমুনা বাসের চালক মো. ইব্রাহিম বলেন, ‘বহদ্দারহাট থেকে আমরা ২টায় রওয়ানা দিয়েছি। পথিমধ্যে কিছু দুষ্কৃতকারী আমাদের পথরোধ করে। মদুনাঘাটে বালুর ট্রাক দিয়ে বাধা দেয়। চুয়েটের গাড়ি চুয়েটে আসতে বাধা দেয়। কয়েকজন ছাত্রকে চুল ধরে টানে, মারধর করে। আমাকেও মারধর করে। তারা মুখে বলতে থাকে-আজকে চুয়েটের গাড়ি চুয়েটে আসতে পারবে না। গাড়ি ঘুরিয়ে শহরের দিকে আমাদের ফিরে যেতে বাধ্য করে।’
ভুক্তভোগী শিক্ষার্থী চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিরুল কুদ্দুস বলেন, ‘চলমান আন্দোলনে যোগ দিতে বহদ্দারহাট থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে উঠি। পথে মদুনাঘাটে বাসটি থামানো হলে পরিস্থিতি দেখতে বাস থেকে নামি। এ সময় একজনকে ফোন করার জন্য মুঠোফোন বের করলে একদল লোক আমাকে ঘিরে ধরে। পরে আমাকে জামাকাপড় ধরে টানাটানি করা হয় এবং চুল ধরে টেনে মারধর করা হয়। একপর্যায়ে আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়।
ওই শিক্ষার্থী আরও জানান, তাকে ছাত্রলীগ ও শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার তকমা দিয়ে মারধর করা হয়। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে সহযোগিতা করেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন চুয়েটের শিক্ষক সমিতির সদস্যরা। এর প্রতিবাদে বিকাল সাড়ে ৩টায় এক মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন থেকে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন তারা। সেখানে শিক্ষার্থীদের সাথে এক সমাবেশে চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ওপর মদুনাঘাটে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আমরা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তিন সমিতির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।’
এছাড়াও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগের প্রতিবাদে সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন চুয়েটের সাবেক শিক্ষার্থীরাও।
