চৌদ্দগ্রামে বাগবিতণ্ডা
মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউসুফ হোসেন নামে এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ (৩৮) উপজেলার কনকাপৈত এলাকার কাজী একরাম হোসেনের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে কনকাপৈত স্কুলমাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের সঙ্গে রাইডার কাজী মো. ইউসুফের বাগ্বিতণ্ডা হয়। এ সময় আজাদ ইউসুফকে ওই বাজারের সীমানায় যেতে নিষেধ করে হুমকি-ধমকি দেন।
সোমবার সকালে ইউসুফকে বাজারে পেয়ে আবুল কালাম আজাদ ও তার সহযোগীরা পিটিয়ে গুরুতর আহত করেন।
খবর পেয়ে স্বজনরা ইউসুফকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কাজী মো. ইউসুফ ইসলামী সংগীতশিল্পী হিসাবে পরিচিত। সাম্প্রতিক সময়ে তিনি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসাবে কাজ করতেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ইউসুফ হোসেনকে স্বজনরা হাসপাতালে এনেছিল। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় নিতে বলা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
