|
ফলো করুন |
|
|---|---|
ছোট পর্দার দর্শকের কাছে আগে থেকেই পরিচিত মুখ মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি তাকে আলাদা করে চিনিয়েছে। এবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতে নিলেন সামিরা খান মাহি। এবার বিশ্বমঞ্চে দেশের হয়ে লড়বেন ছোট পর্দার এই অভিনয়শিল্পী ও মডেল। আগামী ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে বসছে ৭৫তম মিস ইউনিভার্সের আসর, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে বিশ্বের নানা দেশের প্রতিযোগীর মুখোমুখি হবেন এই অভিনেত্রী। ফলে সাফল্যের নতুন পালক যুক্ত হলো মাহির মুকুটে।
সম্প্রতি জমকালো চূড়ান্ত আয়োজনে বিজয়ী হিসাবে মাহির নাম ঘোষণা করা হয়। সেই মুহূর্তে আবেগে ভেসে যান তিনি। পরে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় পরিয়ে দেন মুকুট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।
বিজয়ের পর উচ্ছ্বসিত মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’ তিনি আরও বলেন, এই অর্জন শুধু তার একার নয়, পুরো বাংলাদেশের জন্য অবিস্মরণীয় মুহূর্ত। বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে ফিরতে চান বলেও জানান তিনি।
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের পথচলা খুব বেশি দিনের নয়। ২০১৯ সালে প্রথমবার অংশ নেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শীলা। ২০২৪ সালে প্রতিনিধিত্ব করেন আনিকা আলম। ২০২০ সালে মিথিলা দেশসেরা হলেও করোনা মহামারির কারণে আন্তর্জাতিক মঞ্চে যেতে পারেননি। গত বছর ৭৪তম মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে অংশ নিয়ে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে সেরা ৩০-এ জায়গা করে নেন মিথিলা, যা দেশের জন্য প্রথম। পিপলস চয়েস বিভাগেও শীর্ষে ছিলেন তিনি। সেই সাফল্যের ধারাবাহিকতায় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন মাহি।
তিনি যুগান্তরকে বলেন, অনেক বেশি চাপ অনুভব করছি। এত অল্প সময়ে দেশের এত বড় দায়িত্ব পেয়েছি এটা কোনো মুখের কথা নয়। পুরো দেশের মানুষের আমার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে, তবে প্রত্যাশা থাকলেই চলবে না। আমি সবার সহযোগিতা চাই। সামনের ১৫টি দিন আমার জীবনের অনেক বড় একটি অংশ হয়ে থাকবে সারাজীবন।
