৭০ লাখের খাল দশ লাখে বিক্রি
সিংড়ায় সুফলবঞ্চিত কৃষক
সাইফুল ইসলাম, সিংড়া (নাটোর)
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শস্যভাণ্ডার হিসাবে পরিচিতি সিংড়ায় সরকারি খাল-বিল বিক্রির প্রতিযোগিতা চলছে। উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া-টু-সারদানগর ও জয়নগর অংশের প্রায় ৬ কিলোমিটার উন্মুক্ত খাল মাত্র দশ লাখ ৯ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গ্রামের উন্নয়নের নামে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদে ঢোলশোহরত দিয়ে এই খাল বিক্রি করা হয়েছে। খালের মাঝে মাঝে অবৈধ বাঁশের তৈরি বানা ও নেট জাল দিয়ে বেড়া দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে। ফলে বন্ধ হয়ে গেছে কৃষিপণ্য আনা-নেওয়ার নৌ-চলাচল। হুমকির মুখে পড়েছে দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার মৎস্যজীবী, কৃষকসহ সাধারণ মানুষ। ৬ কিলোমিটার এই খাল তিনটি অংশে ভাগ করে দশ লাখ ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে ক্রেতা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।
বিএডিসি সিংড়া কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গত ২০২০-২১ ও ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে সিংড়ার হুলহুলিয়া-টু-জয়নগর বিল এবং হুলহুলিয়া-টু-সারদানগর খালের ৬ কিলোমিটার অংশ পুনর্খনন করা হয়। এর ফলে এলাকার কৃষিজমিতে স্বল্প খরচে সেচ সুবিধা এবং কৃষিপণ্য আনা-নেওয়া, বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষাসহ কৃষকের কাজে সুযোগ-সুবিধা বাড়ে। কিন্তু শুক্রবার সরেজমিন তার উলটো চিত্র দেখা গেছে। হুলহুলিয়া-টু-সারদানগর ডুবা ব্রিজ পর্যন্ত খালের বিভিন্ন অংশের বানা ও নেট জালের বেড়া দিয়ে দখল করে মাছ শিকার করছেন ওই গ্রামের মজিবর প্রামাণিকের ছেলে সজিব প্রামাণিক। তিনি এই খালের প্রায় ৪ কিলোমিটার অংশ দখল করে বেড়া দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাঁধা সৃষ্টি করেছেন।
খালের শেষ মাথায় ডুবা ব্রিজের মুখে শহিদুল ইসলাম নামে এক দিনমজুর জানান, বড় ও ছোট দুই ডহর (খাল) ৬ লাখ টাকায় কিনেছেন সজিব ইসলাম। তিনি ওই ব্যক্তির বাসায় কৃষাণ হিসেবে কর্মরত রয়েছেন। এই খাল পাহারার কাজেও তিনি নিয়োজিত রয়েছেন। খালের ক্রেতা সজিব প্রামাণিক জানান, এই খালের দুটি অংশ তিনি কিনেছেন। তাই খালের মাঝে মাঝে বেড়া দিয়ে পাহারা দিচ্ছেন। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে গ্রামের চেয়ারম্যান এই খাল তার কাছে বিক্রি করেছেন। আর এই টাকা গ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান। এছাড়া হুলহুলিয়া থেকে জয়নগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খালের বিভিন্ন পয়েন্টে বাঁশ ও বানার বেড়া দিয়ে দখলে রেখেছেন ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে শাজু শাহ। সে খালের এই অংশ সাড়ে তিন লাখ টাকায় কিনেছেন বলে জানা গেছে। এছাড়াও হুলহুলিয়া গ্রামে প্রবেশ গেট এলাকায় খালের একটি অংশ ৫৫ হাজার টাকায় কিনেছেন হাসান আলী নামে আরেক ব্যক্তি। তাদের হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদে বসে খাল বিক্রির সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, এভাবে সরকারি খাল-বিল কেনাবেচা ও দখলের ফলে সুফলবঞ্চিত হচ্ছেন এলাকার মৎস্যজীবী, দিনমজুর ও সাধারণ কৃষক। এছাড়াও খালে বাঁধ দিয়ে কোনো কচুরিপানা নামতে না দেওয়ায় কৃষকদের বিঘাপ্রতি অতিরিক্ত ৫ হাজার টাকা গুনতে হয়েছে। আর কৃষি ও কৃষকদের জন্য খননকৃত খাল কাজে না আসায় কৃষির উৎপাদন ব্যাহত হচ্ছে।
হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির শাহ বলেন, গ্রামের চেয়ারম্যান হিসাবে তার উপস্থিতিতে গ্রামের সব প্রতিষ্ঠানে এই টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে। তবে এখানে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মানিক রতন বলেন, বিষয়টি জানা নেই। তবে কেউ খাল দখল করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, খাল-বিল শুকিয়ে মাছ শিকারে চলনবিলের মারাত্মক ক্ষতি হচ্ছে। অভিযোগ পেলে খাল-বিল দখলমুক্ত করার ব্যবস্থা নেব।
সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকারি খাল-বিলে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাঁধা দেওয়া ও শুকিয়ে মাছ ধরার কোনো সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।
