Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

মাও সেতুংয়ের উপহার

ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

Icon

জাফর আহমেদ, টাঙ্গাইল

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে চীনের বিপ্লবী নেতা মাও সেতুং এই ট্রাক্টরটি উপহার দিয়েছিলেন -যুগান্তর

Advertisement

একটি ট্রাক্টর। যন্ত্রটির সঙ্গে জড়িয়ে আছে দুদেশের ইতিহাস, দুই বিপ্লবী নেতার বন্ধুত্ব এবং কৃষক-শ্রমজীবী মানুষের কল্যাণে এক ব্যতিক্রমী উদ্যোগের গল্প। এটি কোনো সাধারণ কৃষিযন্ত্র নয়। চীনের বিপ্লবী নেতা মাও সেতুংয়ের দেওয়া উপহার, যা এক সময় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কৃষি ও সমবায় ভাবনার প্রতীক হয়ে উঠেছিল।

চীন থেকে উপহার পাওয়া সেই ট্রাক্টর, টাইপ রাইটারসহ ভাসানীর ব্যবহারে বিভিন্ন সরঞ্জাম অযত্ন-অবহেলায় পড়ে থাকায় মুছে যাচ্ছে স্মৃতিচহ্নিটুকুও। তার স্মৃতিবিজড়িত সরঞ্জামগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীরা।

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে সংরক্ষিত রয়েছে ঐতিহাসিক এই ট্রাক্টর। কয়েক দশক আগে চীন থেকে আসা যন্ত্রটি আজ শুধু একটি পুরোনো কৃষিযন্ত্র নয়, বরং বাংলাদেশ-চীন ঐতিহাসিক যোগাযোগ এবং ভাসানীর কৃষকবান্ধব দর্শনের নীরব সাক্ষী।

জানা যায়, ভাসানী ১৯৬৩ সালে প্রথম ও ১৯৬৪ সালে দ্বিতীয়বার চীন সফর করেন। ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে ‘মাও সে-তুঙ এর দেশে’ নামে একটি বইও লেখেন। ১৯৬৬ সালে ভাসানী তৃতীয় ও শেষবার চীন সফর করেন। সেই সময় চীনের নেতা মাও সেতুং তাকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার কথা বলেন। ১৯৬৭ সালে চীন থেকে ট্রাক্টরটি ভাসানীকে পাঠানো হয়। সমবায় পদ্ধতির কৃষিকাজে ট্রাক্টরটির সাহায্যে একসঙ্গে ৫০ একর জমি চাষ করা যেত। সেই সময় ভাসানীর কৃষিকাজ চলত জয়পুরহাটের পাঁচবিবির মহীপুর এলাকায়। সেখানে ট্রাক্টরটি কিছুদিন কাজে লাগানো হয়। এরপর ১৯৭৪ সালে সেটি টাঙ্গাইলের সন্তোষে নিয়ে আসা হয়। পরে যন্ত্রটি বিএডিসিকে দিয়ে দেন ভাসানী। বিএডিসি ট্রাক্টরটি জামালপুরে কিছুদিন কাজে লাগায়। জামালপুরে ট্রাক্টরটি একপর্যায়ে অকেজো অবস্থায় পড়ে থাকার পর বিক্রির কথা উঠে। পরে ১৯৯৫ সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড ট্রাক্টরটি ক্যাম্পাসে ফিরিয়ে আনে। বর্তমানে ট্রাক্টরটি মাভাবিপ্রবি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জাদুঘরে সংরক্ষিত আছে।

সরেজমিন দেখা যায়, মাভাবিপ্রবির প্রশাসনিক ভবনের পশ্চিম পাশে একটি টিনশেড ঘরে রয়েছে ট্রাক্টরটি। শেডের চারপাশে স্বচ্ছ কাচ। ট্রাক্টর ও টাইপ মেশিনটিতে জমেছে ধুলার আস্তরণ। এই ট্রাক্টরের সামনের একটি চাকা নেই। যন্ত্রটি উচ্চতায় ছয় ফুট, লম্বায় ১০ ফুট।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সাজু বলেন, মওলানা ভাসানী দলমত নির্বিশেষে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। তিনি আছেন আদর্শ, স্মৃতি, ইতিহাস ও কবির কবিতায়। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কিন্তু দুঃখজনক, তার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন ও প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের পথে।

আফাজ মিয়া নামের এক ভাসানীভক্ত বলেন, ট্রাক্টরটির উৎপত্তি, নির্মাতা প্রতিষ্ঠান, মডেল, ইঞ্জিনের সক্ষমতা, উৎপাদনকাল এবং চীন থেকে বাংলাদেশে পাঠানোর মূল দলিল সংগ্রহ করা প্রয়োজন। চীনা পক্ষের আর্কাইভ ও কূটনৈতিক নথিও অনুসন্ধান করা যেতে পারে।

ভাসানীর নাতি ও ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী বলেন, দীর্ঘদিন ধরে আমরা ‘ভাসানী কমপ্লেক্স’ গড়ে তোলার দাবি জানিয়ে আসছি। এর লক্ষ্য একটাই-মওলানা ভাসানীর স্মৃতি, সংগ্রাম ও কর্মকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুসংগঠিতভাবে তুলে ধরা। চীন থেকে উপহারপ্রাপ্ত ট্রাক্টরসহ তার বহু স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ত্যাগ, মানবতা ও রাজনৈতিক দর্শন পৌঁছে দিতে সব স্তরের পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জলবায়ু সম্মেলন কপ-৩১ জলবায়ুর নতুন অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ ভাগ হ্রাস

জলবায়ুর নতুন অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ ভাগ হ্রাস

মাও সেতুংয়ের উপহার ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ

উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ

গ্রুপিং ও অন্তর্কোন্দলে জর্জরিত রাবি ছাত্রদল

গ্রুপিং ও অন্তর্কোন্দলে জর্জরিত রাবি ছাত্রদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম