Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জলবায়ু সম্মেলন কপ-৩১

জলবায়ুর নতুন অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ ভাগ হ্রাস

Icon

মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জলবায়ুর নতুন অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ ভাগ হ্রাস

Advertisement

জলবায়ু সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য উন্নত দেশগুলোর নতুন অর্থায়ন প্রতিশ্রুতি আগের তুলনায় প্রায় ৭১ শতাংশ কমেছে। জলবায়ু অর্থায়ন নিয়ে এমন উদ্বেগের মধ্যেই তুরস্কের আনতালিয়ায় চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনে একদিকে অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে প্রতিশ্রুত অর্থকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকেও সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে অংশগ্রহণের পথ তৈরি করতে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং হিমবাহের বরফ গলে যাওয়া ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ।

জলবায়ু অর্থায়ন নিয়ে গবেষণাভিত্তিক সংবাদমাধ্যম কার্বন ব্রিফের এক বিশ্লেষণে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর নতুন বহু বছর মেয়াদি সরকারি জলবায়ু অর্থায়ন প্রতিশ্রুতির পরিমাণ বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার থেকে কমে ১১ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতিশ্রুত অর্থের বার্ষিক পরিমাণ কমেছে প্রায় ৭১ শতাংশ। আগের বহু বছর মেয়াদি প্রতিশ্রুতির প্রায় সবই ২০২৫ সালে শেষ হয়েছে। নতুন করে মাত্র পাঁচটি দেশ বহু বছর মেয়াদি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে বড় দাতা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য রয়েছে। বিশ্লেষণে এই পতনকে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমের জন্য বড় উদ্বেগ হিসাবে দেখা হয়েছে।

এই ঘাটতির প্রেক্ষাপটে কপ-৩১ প্রেসিডেন্সির ১৪ নভেম্বরের ঘোষণায় জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিকে বাস্তব প্রকল্প ও বিনিয়োগে রূপ দেওয়ার উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ বা ব্রিজ (বিআরআইডিজিই) প্ল্যাটফর্মের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে কাজ করা হবে। নতুন করে চিলি, লেবানন, মেক্সিকো ও জাম্বিয়া এ উদ্যোগে যুক্ত হয়েছে। আগে থেকেই ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও উজবেকিস্তান যুক্ত ছিল। ফলে উদ্যোগের আওতায় দেশের সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে।

ব্রিজ প্ল্যাটফর্মের মাধ্যমে জলবায়ু প্রকল্প বাস্তবায়নের বাধা চিহ্নিত করা, সংশ্লিষ্ট দেশের সক্ষমতা বাড়ানো এবং কারিগরি ও অর্থায়ন সহযোগীদের সঙ্গে প্রকল্পের সংযোগ তৈরি করা হবে। জাতিসংঘের ‘ক্লাইমেট প্রমিজ : ফরোয়ার্ড’ উদ্যোগের সহায়তায় দেশভিত্তিক মূল্যায়নও করা হবে। এ প্ল্যাটফর্ম চালুর জন্য তুরস্কের অর্থ মন্ত্রণালয়, পরিবেশ ও নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সমঝোতা করেছে। প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনায় তুরস্ক ৩০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ ছাড়া অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকসহ (ইবিআরডি) বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো বিনিয়োগ সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি অর্থায়ন জোরদারে সম্মত হয়েছে। শহরগুলোর জলবায়ু সহনশীলতা বাড়াতে বিনিয়োগযোগ্য প্রকল্প তৈরি ও বিদ্যমান অর্থায়নের সঙ্গে সংযোগ স্থাপনে ‘সার্ফ’ উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে। এটি নতুন কোনো তহবিল নয়, বরং বিভিন্ন অর্থায়ন উৎসের সঙ্গে প্রকল্পের সংযোগ তৈরির সমন্বয় ব্যবস্থা। কপ-৩১-এর অর্থ ও বাণিজ্য দিবসের এসব উদ্যোগের লক্ষ্য জলবায়ু অর্থায়নকে আরও সহজলভ্য করা এবং প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো।

জলবায়ু অর্থায়নের ঘাটতির মধ্যে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়, সহজ শর্তে ঋণ এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। শুক্রবার আনতালিয়ায় কপ-৩১-এর ওমান প্যাভিলিয়নে ‘অ্যাক্সিলারেটিং দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন : ফাইন্যান্সিং, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড পার্টনারশিপ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

এদিকে প্যারিস চুক্তির আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদারে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। শনিবার কপ-৩১-এর সিঙ্গাপুর প্যাভিলিয়নে স্বাক্ষরিত এ সমঝোতার মাধ্যমে কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে দুই দেশের যৌথ উদ্যোগের পথ খুলবে। বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং এতে স্বাক্ষর করেন। আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ সম্মেলনে এ সমঝোতার ভিত্তিতে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে।

অন্যদিকে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই)-এ ২৬তম দেশ হিসাবে যুক্ত হয়েছে বাংলাদেশ। শুক্রবার কপ-৩১ সম্মেলন ভেন্যুতে বাংলাদেশের পক্ষে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ এ উদ্যোগে অংশ নিয়েছে।

তহবিল ব্যবহারে স্বচ্ছতা চায় জামায়াত : জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রতিশ্রুত অর্থ পৌঁছানো এবং তহবিলের ব্যবহার দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখার দাবি জানিয়েছে দলটি। বাংলাদেশকে দেওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দের অর্থ যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাজে লাগে, তা নিশ্চিত করার পাশাপাশি অর্থ ব্যয়ের নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়েছে জামায়াতের প্রতিনিধিদল। শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এ সময় কপ-৩১-এ জামায়াতের প্রতিনিধিদলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জলবায়ু সম্মেলন কপ-৩১ জলবায়ুর নতুন অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ ভাগ হ্রাস

জলবায়ুর নতুন অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ ভাগ হ্রাস

মাও সেতুংয়ের উপহার ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ

উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ

গ্রুপিং ও অন্তর্কোন্দলে জর্জরিত রাবি ছাত্রদল

গ্রুপিং ও অন্তর্কোন্দলে জর্জরিত রাবি ছাত্রদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম