Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ

উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ

Icon

এম শাহজাহান, কক্সবাজার থেকে

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ

Advertisement

একদিকে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ, অন্যদিকে উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজন বিপুল অর্থ। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক বাজারে চড়া সুদের প্রভাব এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নতুন বাস্তবতা। এমন পরিস্থিতিতে ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমিয়ে উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রথমবার দেশে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলন।

আজ পর্যটন নগরী কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ-২০২৬’। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনায় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৩০টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেবেন। প্রধান অতিথি হিসাবে সম্মেলনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ‘পাবলিক ডেট ম্যানেজমেন্ট ইন আ চেঞ্জিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সম্মেলনে বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, ঋণ ব্যবস্থাপনা দপ্তর, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

অর্থ বিভাগের সম্মেলনবিষয়ক ব্রিফ অনুযায়ী, বাংলাদেশে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলংকার বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের কথা রয়েছে।

চার কারণে গুরুত্বপূর্ণ এবারের সম্মেলন : অর্থ বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় চারটি কারণে এবারের সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমত, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে বিপুল বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়ন প্রয়োজন। দ্বিতীয়ত, ২০২৯ সালে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের ক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাসহ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব সামলে ঋণের ব্যয় ও ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হবে। চতুর্থত, দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের সক্ষমতা ধরে রেখে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে প্রচলিত উন্নয়ন সহযোগীদের ঋণের পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজার, বিদেশি বিনিয়োগ এবং অভ্যন্তরীণ বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঋণের উৎসে বৈচিত্র্য আনা এবং সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ও আলোচনায় আসবে।

বাড়ছে ঋণ পরিশোধের চাপ : ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খোঁজার অন্যতম কারণ হচ্ছে বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ১৩৫ কোটি ১২ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ ও অনুদান মিলিয়ে ছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ডলার। অর্থাৎ নতুন বৈদেশিক সহায়তা ছাড়ের তুলনায় ঋণ পরিশোধে ব্যয় হয়েছে দ্বিগুণের বেশি অর্থ।

এ পরিস্থিতিতে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে শুধু অর্থের পরিমাণ বিবেচনা করলেই চলবে না। সুদের হার, পরিশোধের মেয়াদ, ঋণের মুদ্রা এবং ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কারণ, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলে বৈদেশিক ঋণ টাকায় পরিশোধ ব্যয় বেড়ে যায়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে শুধু অর্থের জোগান নিশ্চিত করাই যথেষ্ট নয়; সেই অর্থ কতটা উৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে এবং তা থেকে ভবিষ্যতে ঋণ পরিশোধের মতো আয় তৈরি হচ্ছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঋণের উৎস, সুদের হার, মেয়াদ ও বৈদেশিক মুদ্রার ঝুঁকি বিবেচনায় নিয়ে সমন্বিত কৌশল গ্রহণ করতে হবে। এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক অর্থায়নের শর্তে পরিবর্তন আসতে পারে। তাই এখন থেকেই রপ্তানি সক্ষমতা, বিনিয়োগ পরিবেশ ও অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

সরকারি ঋণ ২২ লাখ কোটি টাকার বেশি : বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ইতোমধ্যে ২২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ১২ জুলাই জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের ঋণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা। অর্থাৎ মোট সরকারি ঋণের বড় একটি অংশই অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া।

অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের ১ লাখ ৫ হাজার কোটি এবং বিদেশি ঋণের ২২ হাজার ৫০০ কোটি টাকা সুদ বাবদ ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ শুধু সুদ পরিশোধেই বাজেটের বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে সরকারকে। এতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন প্রকল্পে ব্যয়ের জন্য সরকারের হাতে থাকা অর্থের ওপর চাপ তৈরি হচ্ছে।

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, সরকারি ঋণ ব্যবস্থাপনায় সমন্বিত ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা জরুরি। সরকারের কোথা থেকে কত ঋণ নেওয়া হচ্ছে, কী শর্তে নেওয়া হচ্ছে এবং কখন কত অর্থ পরিশোধ করতে হবে-এসব তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় থাকলে ঋণের ঝুঁকি নিরূপণ ও ব্যয় নিয়ন্ত্রণ সহজ হবে। পৃথক ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার পাশাপাশি দক্ষ জনবল, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জানা যায়, সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনায় পৃথক ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে। বর্তমানে সরকারের ঋণ গ্রহণ, তথ্য সংরক্ষণ ও পরিশোধ ব্যবস্থাপনার দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভক্ত। এতে সমন্বিত ঋণ কৌশল তৈরি ও ঝুঁকি মূল্যায়নে জটিলতা তৈরি হচ্ছে। ২০২৫ সালের ৩ নভেম্বর অর্থ বিভাগে অনুষ্ঠিত এক কর্মশালায় আইএমএফ ও বিশ্বব্যাংকের যৌথ কারিগরি সহায়তা মিশন বাংলাদেশে সমন্বিত ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার সুপারিশ করে। সম্মেলনে এ ধরনের দপ্তরের আন্তর্জাতিক অভিজ্ঞতা, আইনি কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রচলিত ঋণের বাইরে সোভরেন সুকুক, ব্লেন্ডেড ফাইন্যান্স, ক্রেডিট এনহ্যান্সমেন্ট, সোভরেন গ্যারান্টি এবং গ্রিন ও ব্লু বন্ডের মতো বিকল্প অর্থায়ন পদ্ধতির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। সরকারি বিনিয়োগে বেসরকারি পুঁজি আকৃষ্ট করা এবং স্থানীয় মুদ্রার বন্ড বাজার শক্তিশালী করার বিষয়ও থাকবে আলোচনায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জলবায়ু সম্মেলন কপ-৩১ জলবায়ুর নতুন অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ ভাগ হ্রাস

জলবায়ুর নতুন অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ ভাগ হ্রাস

মাও সেতুংয়ের উপহার ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ

উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ

গ্রুপিং ও অন্তর্কোন্দলে জর্জরিত রাবি ছাত্রদল

গ্রুপিং ও অন্তর্কোন্দলে জর্জরিত রাবি ছাত্রদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম