ফতুল্লায় জামিন পেয়ে বাদীর বাড়িতে কৃষক দল নেতার লুটপাট
হামলার ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা
যুগান্তর প্রতিবেদন ও ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ভিডিও ফোনে ধারন করায় আবু ইউসুফ (২৩) নামে এক গাড়িচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে আটটায় হামলার পর রাত বারোটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আবু ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার বেরকি গ্রামের মফিজ মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ববিরোধের জেরে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে জমি কেনাকেচাকারী দেলোয়ার হোসেন দেলুর বিরোধ চলছিল। এর জেরে ২০ জুন দেলুকে অপহরণ করে জুয়েল আরমান ও তার লোকজন। এ ঘটনায় দেলুর ছেলে জুয়েল হাওলাদার আদালতে একটি অপহরণ মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জুয়েল আরমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ওই মামলায় মঙ্গলবার জুয়েল আরমান আদালতে হাজির হয়ে জামিন নেন। বাদী জুয়েল হাওলাদার আদালতে জামিনের বিরোধিতা করেন। জামিন পেয়ে ফেরার পথে আদালতের সামনে জুয়েল হাওলাদারকে মারধর করে জুয়েল আরমান ও তার সহযোগীরা। পরে আশপাশের লোকজন ও ফতুল্লা থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক উজ্জলসহ আরও কয়েকজন মিলে জুয়েল আরমানকে পালটা মারধর করে। এরই জেরে রাত সাড়ে আটটার দিকে জুয়েল আরমানের সমর্থক ও সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েল হাওলাদারের তক্কার মাঠের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, দরজা জানালাসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন জুয়েল হাওলাদারের বাবা দেলোয়ার হোসেন। তিনি বলেন, পাঁচ আগস্টের পর জমি ব্যবসা করার কারণে জুয়েল আরমান আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবির টাকা না দেওয়ায় আমাকে বৈষম্যবিরোধী দুটি মামলায় আসামি করা হয়েছে। নিজেকে তিনি কুতুবপুর ইউনিয়ন বিএনপির নয় নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করে বলেন, এ বছর ২০ জুন আমাকে অপহরণ করে ফতুল্লার ডিআইটি মাঠে আটকে নির্যাতন করে। পরে ৮ লাখ টাকা দেওয়ার শর্তে নগদ ৩ লাখ টাকা এবং বাকি পাঁচ লাখ টাকা চেকের মাধ্যমে নিয়ে আমাকে ছেড়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ গড়িমসি করে। পরে আদালতে অপহরণ মামলা করা হয়।
হামলায় নিহতের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা নাহিদা বেগম জানান, আবু ইউসুফ একটি ডায়িং করাখানার গাড়িচালক। মঙ্গলবার ডিউটি শেষ করে সন্ধ্যায় বাড়ি ফশফন ফিরে আসেন। রাত আটটার দিকে বাসা থেকে বের হন। পরে একজন ফোনে জানান, তার স্বামীকে কে বা কারা কুপিয়েছে। এরপর জানতে পারেন জমি ব্যবসায়ীর বাড়িতে একদল লোক হামলা চালিয়ে ভাঙচুর করছিল। আবু ইউসুফ সেই হামলা মোবাইলে ভিডিও করছিলেন। তখন হামলাকারীরা দেখে ফেলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত আবু ইউসুফকে প্রথমে খানপুর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। বুধবার সকালে ডাক্তার জানিয়েছেন, আবু ইউসুফ মারা গেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের পর ইউসুফের লাশ পরিবারের কাছে দেওয়া হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ আসামিদের ধরতে কাজ করছে।
