সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া
ঘটনাস্থলেই গেল প্রাণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সীতাকুণ্ডে গৃহবধূকে না পেয়ে তার স্বামী মো. শহীদের হাতে হাতকড়া লাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও শহীদের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সাবেরা খাতুনের স্বামী শহীদ (৬২)। তিনি একই এলাকার জুনু মিস্ত্রির ছেলে। বুধবার দুপুরে সীতাকুণ্ডের বাড়বকু ইউনিয়নের বাড়বকু চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, পুলিশ বিনা অপরাধে জোরপূর্বক শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের ধস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে মামলা ছাড়া হাতকড়া পরিয়ে নিরপরাধ ব্যক্তিকে তুলে নেওয়ার চেষ্টা ও ধস্তাধস্তিতে তার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি পুরো এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভাই আব্দুল খালেক জানান, জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে করা মামলায় তার ভাই শহীদের স্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বুধবার তাকে ধরতে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বিরসহ বেশ কয়েকজন পুলিশ তাদের বাড়িতে আসেন। এই সময় তারা তার ভাবিকে না পেয়ে তার বড়ভাই শহীদকে জোরপূর্বক হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এসআই সাব্বিরকে তার ভাই নিরপরাধ জানিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে ঘর থেকে ধস্তাধস্তি করে বের করে নিয়ে আসেন। উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে তার ভাই হাতকড়া পরা অবস্থায় সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনার পর পুলিশ হাতকড়া খুলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সীতাকুণ্ড থানার এসআই সাব্বিরসহ দুজন পুলিশ সদস্য শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় শহীদের ভাই আব্দুল খালেক বিনা অপরাধে তার ভাইকে গ্রেফতার করার প্রতিবাদ জানান। ভিডিওতে আব্দুল খালেককে বলতে শোনা যায়, আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই, আপনারা আমার ভাইকে কেন ধরছেন। আমার ভাই স্ট্রোকের রোগী। সে তিনবার স্ট্রোক করেছে। আমার ভাইয়ের কিছু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ সাবেরা খাতুনকে গ্রেফতার করতে গেলে পথিমধ্যে তার স্বামী শহীদের সঙ্গে দেখা হয়। শহীদ পুলিশকে বলেন যে, তার স্ত্রী কোর্ট থেকে জামিন নিয়েছেন ও জামিনের কাগজপত্র ঘরে রয়েছে। জামিনের কাগজপত্র দেখাতে শহীদকে পুলিশ তাদের গাড়িতে তুলে বাড়ির কাছাকাছি গেলে, গাড়ি ভেতরে না যাওয়ার কারণে শহীদ হেঁটে বাড়ির দিকে রওয়ানা দিয়ে কিছুদূর যাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন। তিনি আরও বলেন, পুলিশ তাকে হাতকড়া পরায়নি। তিনি আগে থেকেই স্ট্রোকের রোগী ছিলেন। হয়তো পুলিশ দেখে ভয় পেয়ে মারা গেছে। তবুও ঘটনাটি খতিয়ে দেখা হবে।
