কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আগুন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইরান পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোয় হামলার পরিধি বাড়িয়েছে। এর অংশ হিসাবে তারা কুয়েতে একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে; পাশাপাশি বাহরাইনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, আগের দিন যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রতিশোধ হিসাবেই ইরান এ পদক্ষেপ নেয়। হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজেও হামলা চালায় দেশটি। এতে জাহাজে থাকা ১১ ক্রু আহত হয়েছেন।
বুধবার বার্তা সংস্থা এএফপি জানায়, প্রায় দুই মাস বিরতির পর সম্প্রতি ইরান বারবার বাহরাইনে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। পারস্য উপসাগরের এ ছোট দ্বীপরাষ্ট্রটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর মোতায়েন আছে। মঙ্গলবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে রেভল্যুশনারি গার্ডের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে মার্কিন যুদ্ধবিমান হামলার পরপরই বুধবার ভোরে এসব আক্রমণ ঘটে। এর আগে মঙ্গলবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার জবাবেই যুক্তরাষ্ট্র ওই পালটা হামলা চালিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে কুয়েতে মার্কিন ঘাঁটিতে আগুনের কুণ্ডলী দেখা গেছে। তবে যুগান্তর নিরপেক্ষভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি। ইরান জানিয়েছে, তাদের সাম্প্রতিক হামলাগুলো ছিল যুক্তরাষ্ট্রের ড্রোন নজরদারি কার্যক্রম ও ইরানের যোগাযোগ টাওয়ারের ওপর হামলার প্রতিক্রিয়া।
পালটাপালটি হামলার মাধ্যমে সংঘাতের তীব্রতা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে পূর্ণাঙ্গ যুদ্ধ পুনরায় শুরুর ঝুঁকি বেড়ে গেছে। ইতোমধ্যে এ যুদ্ধ পার করেছে ৯ মাস। কিন্তু আসছে না কোনো কূটনৈতিক সমাধান। পাকিস্তান ও কাতার মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করা সত্ত্বেও সেই আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে।
অবরোধের মুখে তেহরান
মার্কিন নৌ-অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের অর্থনীতি। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারগুলোর চলাচল স্বাভাবিক রাখতে মার্কিন সামরিক বাহিনী সহায়তা করছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক হামলাগুলো ইঙ্গিত দেয় যে, বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরান হয়তো ক্রমেই অধৈর্য হয়ে উঠছে। কুয়েতের ওপর হামলার প্রাথমিক খবরের পর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামের থিংক ট্যাংকের ইরানবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক হামিদরেজা আজিজি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ‘যদি কোনো পক্ষই বৃহত্তর সংঘাতের দিকে যেতে না চায়, তবুও বিভিন্ন ফ্রন্টে সামরিক ঘটনার ঘনঘটা ভুল হিসাবনিকাশের ঝুঁকি বাড়িয়ে দেয়। ফলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা কোনো পক্ষই শুরুতে চায়নি।’
ইয়েমেনে ব্যাপক সংঘাত
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে। এছাড়া সৌদি আরবের আরও তিন শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। পাশাপাশি ইয়েমেনে বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘাত চলছে।
আরব আমিরাতের জাহাজে হামলা
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি জাহাজ মঙ্গলবার রাতে হরমুজ প্রণালি পার হওয়ার সময় হামলার শিকার হয়েছে। জাহাজটি আমিরাতের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) মালিকানাধীন। কোম্পানিটি তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, পরিবহণ, বিপণনের কাজসহ আরব আমিরাতের জ্বালানি খাত পরিচালনা করে। আন্তর্জাতিকভাবেও তাদের ব্যবসা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার এ ঘটনায় জাহাজটির ১১ জন ক্রু আহত হয়েছেন। নিখোঁজ একজন। বুধবার এক বিবৃতিতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এসব তথ্য জানিয়েছে। জাহাজের বাকি ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। বিবৃতিতে এডিএনওসি বলেছে, ‘একজন ক্রুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’
‘ইরান পিছু হটবে না’
ইরানের বিচার বিভাগের প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় তার দেশ এখন আরও ভালোভাবে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের সেনাবাহিনী পিছু হটবে না। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেইয়ের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে বলেছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর সময়ের তুলনায় তেহরানের হাতে এখন অনেক সামরিক সরঞ্জাম রয়েছে।
পালটাপালটি হামলা
এর আগে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। ইরান প্রতিবেশী বাহরাইনে একটি মার্কিন সামরিক রাডার-ব্যবস্থায় হামলা চালানোর কথা জানায়। এরপরই যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়। ইরান যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী ওমান ও কাতারের সঙ্গে তেহরানের আলোচনা চলছে। কিন্তু সর্বশেষ এ পালটাপালটি হামলা প্রায় ৯ মাস চলা এ যুদ্ধের অবসান ঘটানো নিয়ে কঠিন বাস্তবতাকেই সামনে এনেছে।
