Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সাততলা বস্তিতে আগুন

মুহূর্তেই শেষ শতাধিক পরিবারের সংসার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুহূর্তেই শেষ শতাধিক পরিবারের সংসার

মহাখালীর সাততলা বস্তিতে বুধবার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা -যুগান্তর

Advertisement

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর-বাড়ি। মুহূর্তে ছাই হয়েছে শ্রমজীবী, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের আসবাবপত্রসহ ঘরের সব মালামাল, সহায়-সম্বল। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছে, আগুনের ঘটনায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে গঠন করা হবে তদন্ত কমিটি। অবশ্য বস্তির বাসিন্দাদের দাবি-ইলেকট্রিক বা বৈদ্যুতিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক পরিবার।

সাততলা বস্তি এলাকায় এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, বস্তিতে লাগা আগুনে টিন ও আধা পাকা বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আমরা জানতে পারিনি। এটা তদন্তের পর বলা যাবে। তবে আনুমানিক যেটা দেখেছি-এখানে প্রায় শতাধিকের ওপরে পরিবার বাস করে। তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। তবুও আমরা আগুন নির্বাপণের পর পুরো জায়গাটার একটা সার্চ করব। এই সার্চের পরে বলা যাবে-হতাহত আছে কি না।

এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে পর্যায়ক্রমে যুক্ত হয় আটটি ইউনিট। এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের গাড়ির আড়াই ঘণ্টার চেষ্টায় ১১টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে বস্তির আগুন।

সকাল ১১টায় সরেজমিন গিয়ে দেখা যায়, সাততলা বস্তির আগুন থেকে বাঁচতে সপরিবারে রাস্তায় দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। অনেকে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ ঘরের গুরুত্বপূর্ণ মালামাল রেখেছেন রাস্তায়। বস্তির ভেতরে প্রবেশ করতে চোখে পড়ে ছোট ছোট অলিগলি। তাতে উৎসুক জনতার উপচে পড়া ভিড়। তাদের ঠেলে ভেতরে প্রবেশের উপায় নেই।

সকাল সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডস্থলে প্রবেশ করে এ প্রতিবেদক দেখেন-আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের কাজে সহযোগিতা করছেন স্থানীয় যুবক, নারী ও রাজনৈতিক দলের কর্মীরা। তখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে ততক্ষণে শেষ হয়ে গেছে শতাধিক পরিবারের স্বপ্ন। চোখের সামনে পুড়ে গেছে ঘরের ফ্রিজ, টেলিভিশন, খাট, শোকেস, আলনা, র‌্যাক, ড্রাম, বইখাতা, হাঁড়ি-পাতিল, চাল, ডাল ও নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু। বাঁশ, কাঠ, টিন ও প্লাস্টিকের মতো দাহ্য উপকরণ দিয়ে তৈরি অনেক ঘরের চিহ্নই নেই। ক্ষতিগ্রস্ত কেউ কান্নায় ভেঙে পড়ছেন। কেউ স্বামী-সন্তানের জীবন ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন। আবার অনেকে স্বজনের খোঁজ নিতে দূর থেকে ছুটে এসেছেন ঘটনাস্থলে।

অগ্নিকাণ্ডের পর জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নেওয়া মোহাম্মদ রনি যুগান্তরকে বলেন, আমি ঘরে বসে ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়া উড়ছে। বাইরে বেরিয়ে দেখি পাশের বাসার দ্বিতীয়তলায় আগুন জ্বলছে। আগুন এতটাই তীব্র যে, কোনোভাবে নিয়ন্ত্রণের সুযোগ নেই। যে ঘরে আগুন লাগছে- সেখানে মানুষ রয়েছে কিনা দেখার জন্য যাই। কিন্তু দেখি ঘরের ভেতরে ইলেকট্রিক চুলায় আগুন জ্বলছে। কিন্তু ঘরে কেউ নেই। বাইরে থেকে তালা দেওয়া। আমার ধারণা কেউ ইলেকট্রিক চুলা জ্বালিয়ে বাইরে চলে গেছে। সেই চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এক বাসিন্দা মনিরা খাতুন বলেন, ছোট্ট সন্তানসহ আমি ঘুমিয়ে ছিলাম। আশপাশের মানুষের চিৎকারে ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি আমার ঘরের টিনে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে বেরিয়ে আসি। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। রেনু বেগম বলেন, ত্রিশ বছর ধরে এই বস্তিতে আছি। এর মধ্যে আজই প্রথম আগুন লাগছে। আগুন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়েছিল-মনে করেছিলাম আজ সব শেষ হয়ে যাবে। ঘরের গুরুত্বপূর্ণ অনেক কিছু রাস্তায় বের করেছি। আগুন নিয়ন্ত্রণে আসার পর সব ঘরে নিয়ে যাচ্ছি।

১০ বছরের বেশি সময় সাততলা বস্তিতে থাকা ফেরদৌসী বেগম যুগান্তরকে বলেন, আমি পোশাক কারখানায় কাজ করি ও আমার স্বামী ব্যবসা করেন। দুজন মিলে অনেক কষ্ট ও পরিশ্রম করে সংসারটা গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু আজকের আগুনে আমার সব শেষ হয়ে গেছে। ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে গেছে। এখন জীবন আগের মতোই অনিশ্চয়তায় পড়ে গেল।

স্থানীয়রা বলছেন, অগ্নিকাণ্ডের পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিট অন্যতম। বস্তির অনেক ঘরে নিম্নমানের বৈদ্যুতিক তার ও অনিরাপদ সংযোগ ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই আগুনের ঝুঁকি ছিল। এছাড়া ঘর-বাড়ি ঘনবসতিপূর্ণ হওয়ায় এবং বাঁশ, কাঠ, টিন ও প্লাস্টিকের মতো দাহ্য উপকরণ দিয়ে তৈরি। এসব বাসায় রান্নার কাজে ব্যবহার হচ্ছে গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রিক চুলা। বস্তির ভেতরের সরু রাস্তা। চলাচলের পরিবেশ নেই। এমন অবস্থায় বস্তির সাধারণ মানুষের বড় ধরনের অগ্নিঝুঁকি থেকেই যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

শীতের সবজির লাভ গুনছে ফড়িয়ারা বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

২৫৬ সেতুসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন

২৫৬ সেতুসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন

তরঙ্গের দাম নির্ধারণ গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম