বিশ্বব্যাংকের প্রতিবেদন
আর্থিক সংস্কার হলে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত এবং বিদ্যুৎ-গ্যাস খাতের ভর্তুকি ব্যবস্থায় সংস্কার আনতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে জিডিপির অনুপাতে রাজস্ব আয় ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ দশমিক ৪ শতাংশে নেওয়া সম্ভব।
বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে দেশের রাজস্ব আদায়ের দুর্বলতা, সরকারি ব্যয়ের বাড়তি চাপ এবং জ্বালানি খাতে ভর্তুকির ক্রমবর্ধমান বোঝা তুলে ধরা হয়েছে।
বিশ্বব্যাংক বলছে, রাজস্ব আহরণ জোরদার, সরকারি অর্থের ব্যবহার আরও কার্যকর করা এবং জ্বালানি খাতের আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণে আনতে পারলে উন্নয়ন বিনিয়োগের জন্য সরকারের হাতে বাড়তি অর্থ থাকবে। এ ধরনের সংস্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনেও সহায়ক হতে পারে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কর রাজস্ব ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। সব ধরনের রাজস্ব মিলিয়ে এর পরিমাণ দাঁড়ায় ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম। এ দুর্বলতার কারণে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় বাড়ানোর সুযোগ সীমিত হয়ে পড়ছে।
২০২২ অর্থবছরে বিভিন্ন ধরনের কর ছাড়ের কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই বছরের মোট কর আদায়ের প্রায় সমান। তাই অযৌক্তিক কর অব্যাহতি কমানো, ভ্যাট ব্যবস্থার সংস্কার এবং আমদানি-রপ্তানি পর্যায়ে কর আদায় বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি।
সরকারি বিনিয়োগেও পতন দেখা যাচ্ছে। ২০২২ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ ছিল সরকারি মূলধনি ব্যয়। ২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। একই অর্থবছরে শিক্ষা খাতে ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয় ২০১৭ অর্থবছরের ১ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশ হতে পারে। ব্যাংক খাত থেকে সরকারের বাড়তি ঋণ বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত করছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকিও সরকারের আর্থিক চাপ বাড়াচ্ছে। ২০১৮ অর্থবছরে এ খাতে ভর্তুকি ছিল জিডিপির ০ দশমিক ৩ শতাংশ, যা ২০২৫ অর্থবছরে বেড়ে ১ দশমিক ৫ শতাংশ হয়েছে। এ চাপ সামলাতে ব্যয়ভিত্তিক ও নিয়ম অনুসরণ করে জ্বালানির মূল্য নির্ধারণের সুপারিশ করেছে বিশ্বব্যাংক। তবে দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় সর্বজনীন ভর্তুকির পরিবর্তে লক্ষ্যভিত্তিক সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং ফ্যামিলি কার্ড ব্যবস্থার কার্যকর ব্যবহারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
দেশে দারিদ্র্যের হারও বেড়েছে। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬ সালে বেড়ে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। কর্মসংস্থান পরিস্থিতিও উদ্বেগজনক। কর্মক্ষম বয়সি নারীদের প্রতি পাঁচজনের তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন। দেশের মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। দক্ষতা উন্নয়ন, অবকাঠামো ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি।
রাজস্ব ব্যবস্থার উন্নয়নে করনীতি ও কর প্রশাসন আলাদা করা, ডিজিটাল ব্যবস্থার সমন্বয়, একক করদাতা পরিচিতি নম্বর চালু এবং কর ব্যবস্থাপনা আধুনিকায়নের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি জ্বালানি খাতে স্বচ্ছ মূল্য নির্ধারণ ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, সংস্কার পুরোপুরি বাস্তবায়ন হলে ২০৩৫ অর্থবছরে জিডিপির অনুপাতে রাজস্ব আয় ১৪ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে। সীমিত সংস্কারে তা ১০ শতাংশে আটকে থাকার আশঙ্কা রয়েছে। সংস্কার কার্যকর হলে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত হতে পারে এবং বাজেট ঘাটতি ২০৩৫ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে।
