দুই বিএনপি নেতা হত্যা
কালিয়ায় ৩০ বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ
কলাপাড়ায় সাবেক দুই এমপির বাড়িতে ইটপাটকেল * কেরানীগঞ্জে আ.লীগ নেতা গুলিবিদ্ধ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নড়াইলের কালিয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বেন্দারচর গ্রামের একটি বাড়ি। শুক্রবার তোলা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের কালিয়ায় শুক্রবার সাবেক এমপি ও মেয়রের বাড়িসহ ২০-৩০ বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর আগে বুধবার সন্ধ্যায় মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে শুক্রবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক দুই এমপির বাড়িসহ তিন বাড়িতে হামলা হয়েছে। এছাড়া ঢাকার কেরানীগঞ্জে মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
নড়াইল ও লোহাগড়া : নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়রসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় আরও ২৫-৩০টি বাড়ি ও দোকানপাটে হামলা হয়। শুক্রবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ-সদস্য (এমপি) কবিরুল হক মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, সাবেক মেয়র ইমদাদুল হক টুকুর বাড়িসহ ২৫-৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া সাবেক উপজেলার চেয়ারম্যান শামীমুর রহমান ওসি খানের বড়দিয়া বাজারের দোকানে হামলা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট’ সংক্রান্ত প্রচারিত তথ্যকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পুলিশ। শনিবার নড়াইলের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে ধারণ করা ও এআই ভিডিও ছড়িয়ে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাছে। এ ব্যাপারে সাবেক কমিশনার ও হিন্দু সম্প্রদায়ের নেতা অশোক ঘোষ, বড় কালিয়া গ্রামের ঘোষপাড়ার গোপি ঘোষ ও রাখী ঘোষ বলেন, ’আমাদের কোনো সমস্যা নেই। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে বেন্দারচর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পান তারা। ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ছিল। নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান, নিহতদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন বিচ্ছিন্ন দুই একটি বাড়িতে হামলা করতে পারে। গত বুধবার সন্ধ্যায় কালিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুর এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার রাতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান ও কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র এসএম রাকিবুল আহসানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। হামলার শিকার হওয়া পরিবারের সদস্যরা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও পোস্ট দিয়েছেন। তবে কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ বিষয়ে কিছু জানা নেই। অপরদিকে সন্ত্রাসবিরোধী অভিযানে লালুয়ার পাঞ্জুপাড়া থেকে শুক্রবার রাতে কলাপাড়া থানার পুলিশ রাব্বি খান নামের এক যুবককে গ্রেফতার করেছে।
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় আওয়ামী লীগ নেতা নূরে আলমের বাড়িতে শুক্রবার মধ্যরাতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় নূরে আলমের শ্বশুরকে গুলি করে তারা। এতে তিনি বাম পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন। তিনি তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
