Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

Icon

সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী জমিদার বাড়ির জাদুঘরের একাংশ। ইনসেটে সৈয়দ আফজাল হোসেন আপেল -যুগান্তর

Advertisement

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক শ্রীফলতলী জমিদার বাড়ি। সবুজ প্রকৃতির ছায়াঘেরা এই প্রাচীন স্থাপনার ভেতরেই গড়ে তোলা হয়েছে এক ব্যতিক্রমী ব্যক্তিগত জাদুঘর। জমিদার বংশের উত্তরসূরি সৈয়দ আফজাল হোসেন আপেলের উদ্যোগে প্রায় ১৫ বছর আগে প্রতিষ্ঠিত এই সংগ্রহশালায় স্থান পেয়েছে ৩০০ বছরের পুরোনো পালকি, তৈজসপত্র, দুষ্প্রাপ্য আলোকচিত্র ও পুরোনো সংবাদপত্রসহ প্রায় পাঁচ হাজার দুর্লভ নিদর্শন।

একসময় সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে অনুমতি সাপেক্ষে জাদুঘরটি ঘুরে দেখার সুযোগ রয়েছে। ইতিহাস ও ঐতিহ্যের এই অমূল্য সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে নিজের অবর্তমানে জাদুঘরটি সরকারের কাছে হস্তান্তর করতে চান সৈয়দ আফজাল হোসেন আপেল। পাশাপাশি পূর্ব-পুরুষদের জনহিতকর কাজের ধারাবাহিকতায় তিনি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগও অব্যাহত রেখেছেন।

কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের শ্রীফলতলী এলাকায় অবস্থিত এই জমিদার বাড়ি স্থানীয়ভাবে ‘ছিবলতলী’ নামেও পরিচিত। পারিবারিক ইতিহাস ও স্থানীয় সূত্রমতে, তুর্কি সুলতান সুলায়মান দ্য গ্রেট ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে চারজন গাজীকে পাঠিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিলেন তালিব গাজী। তার নামানুসারেই এই অঞ্চলের নাম হয় ‘তালিবাবাদ পরগনা’। তালিব গাজীর বংশধররাই শ্রীফলতলীর জমিদার হিসাবে পরিচিত। বর্তমানে বাড়িটির ভূমিমালিক হিসাবে রহিম নেওয়াজ খান চৌধুরীর বংশধররা যুক্ত রয়েছেন। জমিদার বাড়ির অন্যতম উত্তরসূরি সৈয়দ আফজাল হোসেন আপেল নিজ উদ্যোগে এই বাড়িতে জাদুঘরটি গড়ে তুলেছেন। সরেজমিন দেখা যায়, জমিদার বাড়ির মূল প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকতেই পূর্বপ্রান্তে সৈয়দ আফজাল হোসেন আপেলের দেওয়া সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্যসংবলিত ফলক রয়েছে। এর পাশেই রহিম নেওয়াজ খান ও সৈয়দ মোফাজ্জল হোসেন চৌধুরীর (শাহজাহান চৌধুরী) দুটি আলোকচিত্র এবং পরিচিতি লেখা আছে।

সবুজ ঘাসের আঙিনা পেরিয়ে মূল ভবনের যে কক্ষে সৈয়দ আফজাল হোসেন আপেল বসেন, সেখানেও রয়েছে অসংখ্য দুর্লভ ছবি। এরপরই অবস্থিত কারুকার্যময় জাদুঘরটি। এর দুটি কক্ষে প্রায় ৩০০ বছর আগের নানা নিদর্শন টেবিল, আলমারি ও কাচের ফ্রেমে যত্নসহকারে সাজানো রয়েছে।

সংগ্রহশালায় রয়েছে একটি প্রাচীন পালকি, পুরোনো আমলের চামচ, প্লেট, গ্লাস, পিতলের তৈজসপত্র, মাটির ব্যাংক, হারিকেন, কেটলি, চায়ের কাপ, চুড়ি, দা-বঁটি, পুরোনো মডেলের মোবাইল ফোন, বাইসাইকেল ও যন্ত্রাংশসহ ছোট-বড় প্রায় পাঁচ হাজার সামগ্রী। এ ছাড়া সংরক্ষিত আছে যুগান্তরসহ বিভিন্ন দৈনিকের পুরোনো সংখ্যা।

জাদুঘরের দেয়াল ও ফ্রেমে স্থান পেয়েছে শত শত দুষ্প্রাপ্য আলোকচিত্র। এর মধ্যে মহানবী (সা.)-এর পদচিহ্নের ছবি, ঐতিহাসিক মসজিদ, ব্রিটিশ আমলের ছবি, জমিদারদের প্রতিকৃতি, দেশি-বিদেশি কবি, সাহিত্যিক ও মনীষীদের ছবি, পুরোনো দিনের চলচ্চিত্র তারকাদের ছবি এবং প্রকৃতি ও বন্যপ্রাণীর নানা আলোকচিত্র উল্লেখযোগ্য। আগে জাদুঘরটি সবার জন্য খোলা থাকলেও বর্তমানে বন্ধ রাখা হয়েছে। তবে আগ্রহী দর্শনার্থীরা সৈয়দ আফজাল হোসেন আপেলের অনুমতি নিয়ে এটি পরিদর্শন করতে পারেন।

জাদুঘর গড়ে তোলার প্রেক্ষাপট জানিয়ে সৈয়দ আফজাল হোসেন আপেল বলেন, দেশে ও বিদেশে পড়াশোনার সুবাদে বিভিন্ন জাদুঘর দেখার সুযোগ হয়েছে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে নিজের জমিদার বাড়িতে এই সংগ্রহশালা গড়ে তুলি। দুর্লভ নিদর্শনগুলো সংরক্ষণের মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বাড়ানো এবং গবেষণার সুযোগ সৃষ্টি করাই আমার লক্ষ্য, যাতে আগামী প্রজন্ম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমি যখন থাকব না, তখন সরকারি নিয়ম অনুযায়ী জাদুঘরটি সরকারের দায়িত্বে হস্তান্তর করে যেতে চাই। কারণ, যথাযথ প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধান ছাড়া সাধারণ মানুষের পক্ষে এসব দুর্লভ নিদর্শনের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

নানা জাতের বৃক্ষলতা ও পাখির কলকাকলিতে মুখর শ্রীফলতলী জমিদার বাড়ি এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। প্রকৃতির এই উদারতার মাঝেই শতবর্ষী আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাটি।

এলাকার উন্নয়নে শ্রীফলতলীর জমিদারদের অবদানও কম নয়। সৈয়দ আফজাল হোসেন আপেলের পূর্বপুরুষরা মহাসড়ক ও কালিয়াকৈর হাসপাতালের জন্য জমি দান করেছেন এবং কালিয়াকৈর প্রধান ডাকঘর প্রতিষ্ঠা করেছেন। সেই ধারাবাহিকতায় তিনি প্রতিষ্ঠা করেছেন ‘কায়সার বানু চৌধুরাণী মহিলা কলেজ’। এই কলেজের জন্য তিনি ইতোমধ্যে ৯১ শতাংশ জমি দান করেছেন এবং আরও ৪০ শতাংশ জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে বর্তমানে প্রায় পাঁচ লাখ টাকার অভাবে কলেজটির কার্যক্রম আটকে আছে উল্লেখ করে তিনি শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ ছাড়া তার তত্ত্বাবধানে ‘জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসা’ ও ‘সৈয়দা আফিফা খাতুন মহিলা মাদ্রাসা’ পরিচালিত হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৭৮৪ ফ্ল্যাট বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

সঞ্চয়পত্রের সার্ভার বিপর্যয় দুর্ভোগে লাখো গ্রাহক

দুর্ভোগে লাখো গ্রাহক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম