সঞ্চয়পত্রের সার্ভার বিপর্যয়
দুর্ভোগে লাখো গ্রাহক
|
ফলো করুন |
|
|---|---|
পেনশনের টাকায় কেনা সঞ্চয়পত্রের মুনাফাই লাখো অবসরপ্রাপ্ত মানুষের সংসার, ঘরভাড়া ও ওষুধের খরচের প্রধান ভরসা। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার বিপর্যয়ের কারণে সময়মতো ব্যাংক হিসাবে সেই মুনাফা জমা হচ্ছে না। শুধু মুনাফাই নয়, জরুরি প্রয়োজনে সঞ্চয়পত্র ভাঙানো, নতুন বিনিয়োগ এবং আয়কর রিটার্ন দাখিলের জন্য উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্র সংগ্রহসহ সব ধরনের সেবা কার্যত বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও করদাতারা। বিশেষ করে চলমান আয়কর রিটার্ন জমার মৌসুমে প্রত্যয়নপত্র না পেয়ে অনেকের ই-রিটার্ন দাখিল আটকে গেছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার রাতে পেমেন্ট সিস্টেমের কারিগরি ত্রুটি শনাক্ত ও সমাধানের পর একটি সার্ভার সচল হয়েছে। ফলে আজ-কালের মধ্যেই গ্রাহকদের ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হতে পারে। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সিস্টেম আপগ্রেডেশন ও কারিগরি সমস্যার কারণে সাময়িক এই বিঘ্ন ঘটেছে, যা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধান করা হচ্ছে।
এ বিষয়ে অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন যুগান্তরকে বলেন, সঞ্চয়পত্রের সার্ভার ডাউনের বিষয়টি কারিগরি সমস্যা। গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিশেষজ্ঞরা রাত ১টা-২টা পর্যন্ত কাজ করছেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সঞ্চয়পত্রের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, গ্রাহকের অর্থের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরও তাদের ওয়েবসাইটে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আপগ্রেডেশন কার্যক্রম চলমান থাকায় সঞ্চয়পত্র কেনা, নগদায়নসহ সংশ্লিষ্ট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। আপগ্রেডেশন শেষ হলে দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে।
অধিদপ্তরের অধীন জেলা সঞ্চয় অফিস, বিশেষ ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখা ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্রের বিভিন্ন সেবা দেওয়া হয়। কিন্তু সার্ভার সমস্যার কারণে এসব প্রতিষ্ঠানে গ্রাহকরা গিয়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক পরিচালিত জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, সদরঘাট শাখার এক কর্মকর্তা জানান, কয়েকদিন ধরে সঞ্চয়পত্রের সার্ভার বন্ধ থাকায় তারা গ্রাহকদের উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্র দিতে পারছেন না। কেন সার্ভার বন্ধ রয়েছে, সে বিষয়ে তারাও বিস্তারিত জানেন না। সারা দেশে একই সমস্যা চলছে বলে তারা জানতে পেরেছেন।
পুরান ঢাকার সঞ্চয়পত্র গ্রাহক সৌমিত্র সাহা জানান, এ মাসে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার। সে জন্য সদরঘাটের বিশেষ ব্যুরো অফিসে প্রত্যয়নপত্র নিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, সার্ভার বন্ধ থাকায় কাউকে সনদ দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, কম্পিউটারে ই-রিটার্নের তথ্য পূরণ করলেও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র না পাওয়ায় কাজ শেষ করতে পারছি না।
ঢাকার দিলকুশা শাখার ব্যাংক এশিয়ার কর্মকর্তা বোরহান উদ্দিন যুগান্তরকে বলেন, সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ত্রুটির কারণে সঞ্চয়পত্র-সংক্রান্ত সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। প্রতিদিনই গ্রাহকরা বিভিন্ন সেবার জন্য আসছেন। কিন্তু সার্ভারের সমস্যার কারণে তাদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আশা করছি, দ্রুত সার্ভার সমস্যার সমাধান হলে গ্রাকদের আগের মতো সেবা দেওয়া যাবে।
এ বিষয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন, এটি সরকারি প্রকল্প। সার্ভারে সমস্যা হলে তা ঠিক করতে দুদিনের বেশি সময় লাগার কথা নয়। সঞ্চয়পত্রের বেশির ভাগ বিনিয়োগ অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সাধারণ মানুষের। তাদের অনেকেই সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করে জীবনযাপন করেন। লাখ লাখ পরিবারের জীবিকার সঙ্গে বিষয়টি জড়িত। পাশাপাশি সরকারও সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নিয়ে থাকে। সব মিলিয়ে দ্রুত সার্ভার ঠিক করে গ্রাহকদের সেবা নিশ্চিত করা জরুরি।
বাড়ছে সঞ্চয়পত্রের নিট বিক্রি : এদিকে সঞ্চয়পত্রের সেবা বিঘ্নিত হওয়ার সময়েও এ খাতে বিনিয়োগের প্রবণতা বেড়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি ২৬ লাখ টাকা। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকার। বিপরীতে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকা। এ সময়ে মুনাফা বাবদ পরিশোধ করা হয়েছে ১১ হাজার ৫৮২ কোটি ১৫ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে বিক্রি হয়েছিল ২৪ হাজার ৪৩২ কোটি ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র। মূল টাকা ফেরত দেওয়া হয়েছিল ২২ হাজার ৪৩২ কোটি ৪৭ লাখ টাকা। ফলে নিট বিক্রি দাঁড়িয়েছিল ২ হাজার কোটি ১৮ লাখ টাকা।

