Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

Advertisement

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, জ্বালাও-পোড়াও সহিংসতার ৭২ ঘণ্টা পার হলেও কোনো মামলা কিংবা কাউকে গ্রেফতার করা হয়নি। ব্যাপক তাণ্ডব-ভাঙচুরের পর দুই থানার কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি। তবে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। আতঙ্কে রয়েছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এলাকায় ফিরতে পারেননি বিএনপির তিন এমপি। তাদের বাড়িঘর পুড়িয়ে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা চালায় কার্যক্রম নিষিদ্ধ দলটি। পুড়িয়ে দেওয়া হয় বিএনপির ৭ কার্যালয়।

গ্রামীণ ব্যাংকের ৬ শাখায় আগুন দেওয়া হয়। ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে ৫৫ প্লাটুন বিজিবি সদস্য।

গোপালগঞ্জ সদরসহ ৪ উপজেলায় পুলিশ-বিজিবির গাড়ি, এপিসিসহ অর্ধশতাধিক যানবাহনে আগুন দেওয়া হয়। সাংবাদিক, ঢাকসু নেতাসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর বাড়িতে আগুন ও ব্যাপক লুটপাট চালানো হয়েছে। আগুন দেওয়া হয় হাসপাতালেও। বাসে বাসে তল্লাশি চালিয়ে ফোন চেক করে যাত্রীদের নাজেহাল করা হয়েছে। বাগেরহাটের এক বিএনপি নেতাকে তুলে নিয়ে নির্যাতনের পর মুক্তিপণ আদায় করা হয়েছে। বিভিন্ন উপজেলাসহ গোপালগঞ্জে সেদিনের তাণ্ডবে শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, তবুও আতঙ্ক : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। কয়েকদিনের হামলা ও তাণ্ডবে ভুক্তভোগীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। তাদের চোখে-মুখে এখনো উদ্বেগ ও আতঙ্কের ছাপ। ভয়ানক সহিংসতা ভুলতে পারছে না তারা। ঘটনার তিন দিন পর গোপালগঞ্জ শহর ও আশপাশের জনজীবনে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরে আসতে শুরু করেছে। রোববার থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে রোববার সকাল থেকেই শহরের প্রধান সড়ক ও বাজারগুলোয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস-আদালতে পুরোদমে কার্যক্রম চলেছে। রেল চলাচল বন্ধ থাকলেও দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫৫ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন এবং দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর পয়েন্টগুলোয় পুলিশ ও এসআরবির সতর্ক অবস্থান ও টহল রয়েছে।

ক্ষয়ক্ষতির চিত্র : ১০ থেকে ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিক্ষিপ্ত সহিংসতা চলে। পরে ১৭ থেকে ১৯ নভেম্বর পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। চূড়ান্ত সহিংসতার ঘটনা ঘটে ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচি ঘিরে। এদিন সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ পাটঘাটি পিরোজপুর আঞ্চলিক সড়কসহ সব আঞ্চলিক সড়কের ওপর গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে গোপালগঞ্জ শহরের আশপাশ এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী লগি-বৈঠা, রামদা, টেঁটা, বল্লম, ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ওপর জড়ো হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার কর্মী সমর্থক মহাসড়কে নেমে আসে।

এর আগে ১৮ নভেম্বর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিএনপি ও জামায়াত নেতাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও নানা স্থাপনায় হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। হামলা হলেই সেখানে আগুন লাগানোর খবর মেলে।

দুই থানায় হামলা ও অগ্নিসংযোগ : ১৮ নভেম্বর সন্ধ্যায় মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। একই সময় উপজেলার তিনটি গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেওয়া হয়। হামলার ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দে দে, জয় বাংলা করে দে... এই যে মুকসুদপুর থানা!’ আরেকটি ভিডিওতে কয়েকশ নেতাকর্মীকে থানায় ঢুকে গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয়।

এর আগের দিন সন্ধ্যার পর টুঙ্গিপাড়া থানার ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে আটক করার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মাইকিং করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ পিছু হটে থানার দিকে চলে যায়। পরে বিক্ষুব্ধ লোকজন থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

তিন এমপির বাড়ি ও স্থাপনায় হামলা : গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের তিনজন বিএনপিদলীয় এমপির বাড়ি বা ব্যক্তিগত স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তিন এমপি হলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের এমপি এসএম জিলানী। ১৭ নভেম্বর রাতে টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন রাতে গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের এমপি ডা. কেএম বাবরের ব্যক্তিগত ক্লিনিক ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ১৯ নভেম্বর গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের এমপি মো. সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে (কাশিয়ানী) ভাঙচুর ও আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান যুগান্তরকে বলেন, গোপালগঞ্জের সহিংসতা সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা হতে পারে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৭৮৪ ফ্ল্যাট বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

সঞ্চয়পত্রের সার্ভার বিপর্যয় দুর্ভোগে লাখো গ্রাহক

দুর্ভোগে লাখো গ্রাহক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম