যৌথ নদী কমিশনের বৈঠক
বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়নি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম বৈঠকে গঙ্গা চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন (২০২৬ সাল) চূড়ান্ত হয়েছে। তবে বহুল আলোচিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন কিংবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। যদিও চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র ২০ দিন বাকি আছে। যৌথ কমিটির এখতিয়ারের বাইরে থাকায় বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়নি। বৈঠক সূত্র জানিয়েছে, দুই দেশের সরকার বা রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ের বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
ঢাকায় দু’দিনের (শনি ও রোববার) বৈঠকে গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ, পানি বণ্টন এবং ১৯৯৬ সালের চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা হয়। বাংলাদেশের পক্ষে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য ও পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র। যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের দেওয়া বৈঠকসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর এ প্রতিবেদন তৈরির দায়িত্ব যৌথ কমিটির। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত দুই দেশে পর্যায়ক্রমে কমিটির ৯১টি বৈঠক হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও পানি বণ্টন নিয়ে কার্যকর দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে শুধু গঙ্গা নদীর ক্ষেত্রে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দুই দেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। ফলে এবারের বৈঠককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা। তবে চুক্তির ভবিষ্যৎ নির্ধারণের মতো রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার যৌথ কমিটির নেই।
চুক্তির চতুর্থ অনুচ্ছেদ অনুযায়ী, এর বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য যৌথ নদী কমিশনের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়। ১৯৯৭ সাল থেকে কমিটি ফারাক্কা ও পাবনার পাকশি উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, তাদের কার্যক্রম তদারকি এবং পানিপ্রবাহসংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির কাজ করে আসছে।
প্রতিবছর কমিটির তিনটি বৈঠক হয়। এর মধ্যে ফারাক্কা এলাকায় সরেজমিন পরিদর্শনের পর কলকাতায় একটি বৈঠক এবং হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গঙ্গা-পদ্মার সরেজমিন পর্যবেক্ষণের পর ঢাকায় আরেকটি বৈঠক হয়। তৃতীয় বৈঠকে বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। চলতি বছরের ৮ এপ্রিল ঢাকায় কমিটির ৮৯তম এবং ২২ মে কলকাতায় ৯০তম বৈঠক হয়। এর ধারাবাহিকতায় ঢাকায় ৯১তম বৈঠক হলো।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পানি বণ্টনের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের প্রত্যাশা ও উদ্বেগ থাকলেও এবারের বৈঠকে মূলত বিদ্যমান চুক্তির বাস্তবায়নসংক্রান্ত কারিগরি বিষয়গুলোই গুরুত্ব পেয়েছে। চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্তের জন্য দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের পর্যায়ে আলোচনা প্রয়োজন হবে।
এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের মধ্যে পানি বণ্টন কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পদ্মায় পানিপ্রবাহ, বাংলাদেশের কৃষি, মৎস্য, নৌপরিবহণ ও পরিবেশের ওপর এর প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে বিদ্যমান চুক্তির অভিজ্ঞতা এবং বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন ভবিষ্যৎ আলোচনায় গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে বিবেচিত হতে পারে।
