অস্ট্রেলিয়ায় প্রবাসীদের সংবর্ধনায় জামায়াত আমির
জাতীয় স্বার্থে প্রয়োজনে সমর্থন দেব সরকারকে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের পক্ষে কথা বলতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা যেন জন্মভূমিতে ফিরে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চাই। বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। রোববার বিকালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেল টাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময় : ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জামায়াত আমিরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ-সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, সংসদ-সদস্য ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান।
প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান আমরা কখনো ভুলব না। দেশের গণমাধ্যম যখন আমাদের কষ্টের কথা তুলে ধরেনি, তখন প্রবাসে থাকা ভাই-বোনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন মাধ্যমে দেশের মানুষের ওপর নির্যাতন ও নিপীড়নের চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। তারা দেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এজন্য অনেকে গ্রেফতার হয়েছেন ও জেল খেটেছেন। এখনো ৫৪ প্রবাসী কারাগারে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদেও কথা বলেছি। জনগণের রায়কে উপেক্ষা করে দেশে রাজনীতি চলতে পারে না। কোনো চাপ বা প্রলোভনে আমরা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসব না।
তরুণদের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই। তাদের সহযোগিতা করব। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।
সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে আমরা সমর্থন দেব। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করব। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
