আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ঈশ্বরদীতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট কোনো ঘাটতি পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসাবে উল্লেখ করেছে সংস্থাটি। পাশাপাশি তারা এর সঙ্গে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনায় আইএইএ-এর ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশনে এসব বিষয় উঠে আসে। ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে এ পর্যালোচনা পরিচালিত হয়। শনিবার বায়েরা কর্তৃপক্ষ জানায়, এর মাধ্যমে কেন্দ্রটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি গুরুত্বপূর্ণ শক্তিশালী দিক তুলে ধরেছে আইএইএ-এর বিশেষজ্ঞদল। এর মধ্যে প্রথমটি হলো-প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতাভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা। পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে এ অভিজ্ঞতা কার্যকর ভিত্তি হিসাবে ভূমিকা রাখতে পারে।
দ্বিতীয় শক্তিশালী দিক হিসাবে উঠে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষ করে কেন্দ্রের চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসহ বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন বিশেষজ্ঞরা। জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং নিয়মিত প্রশিক্ষণে এসব অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইএইএ-এর মূল্যায়নের বিষয়টি ব্যাখ্যা করে শনিবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বিষয়টি বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে। পারমাণবিক বিদ্যুকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়, কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসাবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসাবে ব্যাখ্যা করা ঠিক হবে না।
পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার জানান, আইএইএ-এর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি এবং সাড়াদান ব্যবস্থা জোরদারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার রয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএ-এর এ মিশনের মাধ্যমে দেশের বিদ্যমান প্রস্তুতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএ-এর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএ-এর এ পর্যালোচনাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি ব্যবস্থাপনার সক্ষমতার ইতিবাচক মূল্যায়ন হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও সুসংহত করার ক্ষেত্রে এ প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসাবে বিবেচনা করা হচ্ছে।
