Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

বৃষ্টিতে ডুবেছে কাটা ধান

উত্তরাঞ্চলজুড়ে আমনের বড় ক্ষতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উত্তরাঞ্চলজুড়ে আমনের বড় ক্ষতি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হওয়া বৃষ্টিতে নষ্ট হচ্ছে পাকা আমন ধান। জমিতে পানি জমায় ধান সরিয়ে রাখছেন কৃষক। শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ইসুবপুর গ্রাম থেকে তোলা -যুগান্তর

Advertisement

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে রাজশাহীসহ উত্তরাঞ্চলে আমনের মাঝারি ক্ষতি হয়েছে। কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, টানা চার দিনের মাঝারি বর্ষণে গোটা বরেন্দ্র এলাকা, বিভিন্ন বিলসহ উত্তরাঞ্চলের সর্বত্র কাটা আমন ডুবেছে জমিতেই। কৃষকরা বলছেন, এতে কাটা ধান ঝরে পড়াসহ ধানের রং নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন জেলায় দুর্ভোগের তথ্য পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : আমন কাটার পর ধান ও নাড়া শুকানোর জন্য জমিতেই ফেলে রাখতে হয় চার থেকে পাঁচ দিন। এতে ধানের রং অটুট থাকে ও আর্দ্রতা কমে। কিন্তু এরই মধ্যে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত ১৮ নভেম্বর থেকে বৃষ্টি ঝরতে থাকে। শনিবার সন্ধ্যা পর্যন্ত একটানা বৃষ্টি ঝরেছে গোটা উত্তরাঞ্চলজুড়ে। ফলে কাটা আমন জমি থেকে তুলে খৈলানে নিতে পারেননি অধিকাংশ কৃষক। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে উত্তরাঞ্চলে এখন পর্যন্ত মাত্র ১২ ভাগ জমির আমন কাটা মাড়াই সম্পন্ন হয়েছে। বাকি ৮৮ ভাগ আমনের অর্ধেক কাটা অবস্থায় জমিতেই পড়ে রয়েছে। আবার বাকি ৪৪ ভাগ ধানগাছ বৃষ্টি ও বাতাসে জমিতে নুইয়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, চলতি (২০২৬-২৭) আমন মৌসুমে রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯১ হাজার ৪০৩ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ও নিবিড় সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় এবার আমনের ভালো ফলনের আশা করা হয়েছিল। এই পরিমাণ জমি থেকে ৫৬ লাখ ৮৬ হাজার ৯৩১ টন আমন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এদিকে উত্তরের বিভিন্ন কৃষি অঞ্চলভেদে রংপুরের পাঁচ জেলায় সর্বাধিক ৬ লাখ ২১ হাজার ২৯৯ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়। রংপুর অঞ্চলে ফলনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৯৫ হাজার ৩৮ টন। দিনাজপুরের তিন জেলায় ৪ লাখ ৯৭ হাজার ৯৮৮ হেক্টর জমি থেকে ১৪ লাখ ৫৬ হাজার ৫৮০ টন, রাজশাহীর চার জেলার ৪ লাখ ১২ হাজার ৮৫৯ হেক্টরে ১৩ লাখ ৩৮ হাজার ৬৭৮ টন ও বগুড়া কৃষি অঞ্চলের চার জেলায় ৩ লাখ ৮৮ হাজার ৭৬ হেক্টর জমি থেকে ১২ লাখ ৭৯ হাজার ৭৪৫ টন আমন ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি বিভাগ বলছে, উত্তরাঞ্চলে লক্ষ্যমাত্রা অনুযায়ী আমনের ভালো ফলনের আশা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগে ফলনের হয়তো কিছুটা তারতম্য ঘটতে পারে। সূত্র মতে, সারা দেশের মধ্যে উত্তরের নওগাঁ জেলায় ১ লাখ ৯৫ হাজার ৮৮ হেক্টর জমি থেকে সর্বাধিক ৬ লাখ ১৭ হাজার ৫০৯ টন আমন আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষি বিভাগের কর্মকর্তারা আরও জানিয়েছেন, আবাদ ভালো হওয়ায় চলতি মৌসুমে হেক্টরপ্রতি ৩ দশমিক চার দুই টন করে আমন পাওয়ার আশা করা হয়েছিল। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রাক্কলিত ফলনের কত ভাগ কম হবে-তা মাঠপর্যায়ে নিরূপণের কাজ শুরু হয়েছে।

এদিকে শনিবার রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর ও নওগাঁর নিয়ামতপুর এলাকা সরজমিনে দেখা গেছে, কৃষকদের গোছা করে রাখা কাটা ধান মাঠের পর মাঠ জমিতে পড়ে রয়েছে। কোথাও কোথাও ধানের জমিতে হাঁটু পানি। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হোগলার বিলজুড়ে কাটা ধান ডুবে গেছে। আবার যেসব ধান কাটা হয়নি সেগুলোও দমকা হাওয়াতে জমিতে শুয়ে পড়েছে।

বিভিন্ন জেলায় ভোগান্তি ও ফসলের ক্ষতি : রোববারও লক্ষ্মীপুরের উপকূলজুড়ে বৃষ্টি হয়েছে। শীতকালীন ফসল ও আমন ধানের ক্ষতির মুখে পড়েছে। রায়পুরসহ চার পৌরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলে পৌর শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যশোরের অভয়নগরে টানা বৃষ্টিতে ইটভাটা ও কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ভোলায় টানা চার দিনের বৈরী পরিবেশ শেষে নদীতে নেমেছে জেলেরা। মনপুরায় নুয়ে পড়েছে হাজার হাজার হেক্টর পাকা আমন। দুশ্চিন্তায় উপকূলের কৃষক। খুলনার পাইকগাছায় বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বরিশালে রোববার বিকালে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে আকাশের মেঘ কাটলেও আকভানের প্রভাব পুরোপুরি কাটেনি বরিশালে। কুমিল্লায় শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁদপুরের কচুয়ায় অতিবৃষ্টিতে আলু, ভুট্টা ও সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া রাজশাহীর বাঘা, কুড়িগ্রামের চিলমারী, জয়পুরহাট ও কালাই, রাজবাড়ী, দিনাজপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৭৮৪ ফ্ল্যাট বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

সঞ্চয়পত্রের সার্ভার বিপর্যয় দুর্ভোগে লাখো গ্রাহক

দুর্ভোগে লাখো গ্রাহক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম