Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য: প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য: প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে -পিএমও

Advertisement

আগামী চার বছরে এসএমই খাতে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এ জন্য জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানি প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেট) হিসাবে প্রতিষ্ঠা করতেই এই নীতিমালা। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্র্রসারণ, জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসাবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।’

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল শিল্পসহ নতুন নতুন খাতের পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সময় এসেছে।’

প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘সিঙ্গাপুর, লন্ডন কিংবা প্যারিসের মতো শহরে সরকারি উদ্যোগে এ ধরনের মেলার আয়োজন করা যেতে পারে। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।’

নারী উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তার প্রায় ৬০ শতাংশ নারী। তারা বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পণ্য বাজারজাত করছেন।’

তিনি বলেন, ‘নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণের চিন্তা-ভাবনা করছে।’

তরুণ ও নতুন উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর চাকরির পেছনে সময় ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসাবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আজ যারা পুরস্কৃত হয়েছেন, তাদের জীবনসংগ্রাম ও সাফল্য নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক ও শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী এসএমই পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে বেলা ১১টায় তিনি এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৭৮৪ ফ্ল্যাট বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

সঞ্চয়পত্রের সার্ভার বিপর্যয় দুর্ভোগে লাখো গ্রাহক

দুর্ভোগে লাখো গ্রাহক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম