এক ডালি মাটিও ফেলা হয়নি
স্কুল মাঠ সংস্কারের টাকা চেয়ারম্যানের পকেটে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ সংস্কারে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এক বছর আগে বরাদ্দের দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা উত্তোলন করা হলেও মাঠে এক ডালি মাটিও ফেলা হয়নি। এরই মধ্যেই নতুন করে মাঠটি সংস্কারের জন্য আরও এক লাখ টাকা বরাদ্দ হয়েছে। বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর (পিআইও) সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ শিরিনকে সভাপতি করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন হয়। সভাপতি এক বছর আগে প্রথম দফায় এক লাখ টাকা উত্তোলন করেন। তবে ওই টাকা নিয়ে নেন গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান। কিন্তু মাঠ সংস্কারে কোনো কাজ করেননি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা মাঠ সংস্কারের দাবি তোলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। তবে তাতেও কাজ হয়নি।
এদিকে চলতি বছর শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের নির্দেশনায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসাবে প্রতিটি উপজেলায় ইউএনওরা চার থেকে পাঁচটি ভেন্যু নির্বাচন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচিত মাঠগুলো খেলার উপযোগী করতে বিশেষ অর্থ বরাদ্দ হয়। সেই তালিকায় বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠের জন্য নতুন করে আরও এক লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এখনো সংস্কার শুরু হয়নি।
রোববার সরেজমিন দেখা যায়, মাঠ সংস্কারের কোনো চিহ্ন নেই। মাঠের উত্তর কোণের কিছু অংশ ধসে পুকুরে বিলীনের উপক্রম হয়েছে। স্থানীয় খেলোয়াড় ও কিশোররা স্বেচ্ছাশ্রমে মাঝেমধ্যে কিছু মাটি ফেলে মাঠটি খেলার উপযোগী রাখার চেষ্টা করেছেন।
স্থানীয় বাসিন্দা মহসিন আলী বলেন, খেলার মাঠ সংস্কারের টাকা কার পকেটে গেছে-প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছিলাম। তিনি জানিয়েছেন, টাকা তুলে চেয়ারম্যানকে দিয়েছেন। কাজ হবে বলে আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন জানান, প্রকল্পের টাকায় এক ডালি মাটিও ফেলা হয়নি মাঠে। যুবকরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে মাঠটি সংস্কার করে খেলার উপযোগী রেখেছেন।
এদিকে প্রকল্পের সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ মঙ্গলবার সকালে জানিয়েছেন, আগের বরাদ্দ থেকে এক লাখ টাকা তুলে স্থানীয় গণিপুর ইউপি চেয়ারম্যানকে দেওয়া হয়েছিল কাজ করার জন্য। কিন্তু তিনি কাজ শুরু করেননি। সম্প্রতি তাকে আবারও বলা হয়েছে কাজ করে দিন না হলে টাকাটা ফেরত দিন। চেয়ারম্যান তাকে জানিয়েছেন ওই টাকায় মাঠ সংস্কার হবে না। আরও টাকা লাগবে। তিনি টাকার ব্যবস্থা করবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, আগের বরাদ্দ থেকে এক লাখ টাকা তুলে তিনি মাঠ সংস্কারের চেষ্টা করেছিলেন। কাজও শুরু করেছিলেন কিন্তু ওই টাকাতে সম্ভব হয়নি। মাঠ সংস্কারে আরও টাকার প্রয়োজন।
এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর-এ-শেফা বলেন, ‘আমার যোগদানের আগে স্কুলটির মাঠ সংস্কারে দুই লাখ টাকা বরাদ্দ ও ছাড় করা হয়েছিল। সম্প্রতি জানতে পেরেছি সেই টাকায় কাজ করা হয়নি। ক্রীড়া সংস্থার সুপারিশে একই স্কুল মাঠ সংস্কারে আরও এক লাখ টাকা বরাদ্দ হয়েছে। আগের বরাদ্দে কোনো কাজ না হওয়ায় নতুন বরাদ্দের অর্থ ছাড় করা হয়নি।’
অন্যদিকে দুর্নীতি প্রতিরোধ কমিটি বাগমারা উপজেলা শাখার সদস্য মামুনুর রশিদ বলেন, স্কুল মাঠটি সংস্কারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা খরচ হতে পারে। আগেই বরাদ্দ হয়েছে দুই লাখ। নতুন করে আরও এক লাখ টাকা বরাদ্দ হয়েছে। আগের অর্থ আত্মসাৎ করা হয়েছে। ওই অর্থ ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।
