Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর

১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

Icon

এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কাচের বাক্সে সারি সারি পুতুল। কারও গায়ে রঙিন ঐতিহ্যবাহী পোশাক, কারও মাথায় বিশেষ টুপি। একেকটি পুতুলের সাজে ফুটে উঠেছে মালদ্বীপ, কাতার, তুরস্ক, উজবেকিস্তান, ভিয়েতনাম, কেনিয়া, আজারবাইজান কিংবা সেনেগালের ঐতিহ্য। পুতুলের এই বৈচিত্র্যময় পোশাকে যেমন বিশ্ব সংস্কৃতির পরিচয় মেলে, তেমনি পাশেই থাকা কাঠের গাড়ি, লাটিম ও মার্বেলে খুঁজে পাওয়া যায় গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সোনালি শৈশব।

সদর উপজেলার পূর্ব আকচায় স্থানীয় উন্নয়ন সংস্থা ইএসডিওর উদ্যোগে গড়ে ওঠা ‘লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর’র লোকজ খেলনা গ্যালারিতে প্রবেশ করলেই চোখে পড়বে এমন নান্দনিক ও মনোমুগ্ধকর দৃশ্য। এক ছাদের নিচে দেশ-বিদেশের সংস্কৃতির এমন মেলবন্ধন দর্শনার্থীদের মনে জাগাচ্ছে অন্যরকম এক অনুভূতি।

বিশ্বসংস্কৃতির পরিচয় ও পুতুল মেলা : গ্যালারির একটি নির্দিষ্ট অংশজুড়ে রয়েছে বাংলাদেশ ও ভারতসহ মোট ১০টি দেশের পুতুল প্রদর্শনী। পুতুলের পোশাক, রং এবং সাজসজ্জার ভিন্নতা আলাদা করে নজর কাড়ে দর্শনার্থীদের। বইয়ের পাতায় পড়া ভিন্ন দেশের নাম ও সংস্কৃতিকে সামনাসামনি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রিভারভিউ বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন আক্তার বলে, বইয়ে বিভিন্ন দেশের নাম পড়লেও এভাবে একসঙ্গে তাদের ঐতিহ্যবাহী পোশাক দেখার সুযোগ হয়নি।

জাদুঘরের এমআইএস কাম অ্যাকাউনট্যান্ট জীবন চন্দ্র রায় জানান, দর্শনার্থীরা যেন বিভিন্ন দেশের শিল্প, সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারেন, সে উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক পুতুলগুলো প্রদর্শন করা হচ্ছে।

দলবদ্ধ বসা পুতুলে গ্রামবাংলার পুরোনো স্মৃতি : আন্তর্জাতিক পুতুলের পাশাপাশি গ্যালারির অন্য একটি অংশে রয়েছে গ্রামীণ সমাজের পুরোনো সেই পরিচিত দৃশ্য, দল বেঁধে বসে থাকা নারী-পুরুষের প্রতিকৃতি। গাছের ছায়ায় বা উঠানে বসে সুখ-দুঃখের গল্প আর হাসি-ঠাট্টায় মেতে ওঠার সেই সামাজিক আবহাওয়া বর্তমান ডিজিটাল যুগে প্রায় হারিয়ে গেছে। বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত ফারজানা বলে, পুতুলগুলোকে একসঙ্গে বসে থাকতে দেখে মনে হচ্ছে তারা গল্প করছে। বড়দের মুখে শোনা সেই পুরোনো দিনের গ্রামীণ চিত্রের দেখা মিলল এখানে।

লাটিম ও মার্বেলে ফিরে দেখা শৈশব : গ্যালারির লোকজ খেলনার অংশে সাজানো রয়েছে কাঠের খেলনা গাড়ি, ঠেলনা গাড়ি, সুতলি প্যাঁচানো লাটিম এবং মার্বেল। এক সময়ের জনপ্রিয় এসব খেলনা নতুন প্রজন্মের কাছে যেমন কৌতূহলের বিষয়, তেমনি প্রবীণদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনে। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, এই জাদুঘরটি কেবল প্রদর্শনীর স্থান নয়; এটি অতীতকে জানা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা নেওয়ার এক চমৎকার ক্ষেত্র।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মনতোষ কুমার দের মতে, এই গ্যালারির পুতুলগুলো যেমন দূরের দেশের পরিচয় ফুটিয়ে তোলে, তেমনি লোকজ খেলনাগুলো আমাদের শিকড় ঠাকুরগাঁও ও শৈশবের গল্প মনে করিয়ে দেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিবিএসের জরিপ বৈচিত্র্য নেই ৬৫% শিশুর খাবারে

বৈচিত্র্য নেই ৬৫% শিশুর খাবারে

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর ১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

কারখানায় মেশাচ্ছে ভেজাল খাদ্যেই ক্যানসারের ঝুঁকি

কারখানায় মেশাচ্ছে ভেজাল খাদ্যেই ক্যানসারের ঝুঁকি

চট্টগ্রামে বিএনপি নেতার হাতে জিম্মি মৎস্য অবতরণ কেন্দ্র

চট্টগ্রামে বিএনপি নেতার হাতে জিম্মি মৎস্য অবতরণ কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম