কারখানায় মেশাচ্ছে ভেজাল খাদ্যেই ক্যানসারের ঝুঁকি
৬৪ জেলায় নিরাপদ খাদ্য কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ, সংকটে জনবল
শেখ মামুনুর রশীদ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যে খাবার জীবন বাঁচায়, মুনাফালোভী চক্রের কারসাজিতে সেই খাবারই আজ হয়ে উঠেছে মৃত্যু পরোয়ানা। রান্নাঘরের চুলায় চড়ানোর আগেই কারখানার অন্ধকার কোণে সেই খাদ্যসামগ্রীতে মিশছে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক। এমনকি দুধ ও শিশু খাদ্যেও রাসায়নিকের ব্যবহার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। যার ফলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এতে দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সদস্যরা। শুধু বাজার পর্যায়ে অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়, তাই তারা খাদ্য উৎপাদনের উৎসস্থলসহ কারখানা পর্যায়েই কঠোর নজরদারির সুপারিশ করেন। কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। খাদ্যশস্যের মজুত, চাল আমদানি, ওএমএস কার্যক্রম, খাদ্য বিতরণ ব্যবস্থার অনিয়ম, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং মন্ত্রণালয়ের জনবল সংকট নিয়েও এ সময় বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৬৪ জেলায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। খাদ্য আমদানির ক্ষেত্রে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় বৈঠকে। ১৫ অক্টোবর অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এর সভাপতি মো. আবদুস সালাম পিন্টু সভাপতিত্ব করেন।
কার্যপত্রের তথ্যে দেখা গেছে, কমিটির সদস্য মো. আবু তালেব মণ্ডল নিজ নির্বাচনি এলাকা পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগরসহ বিভিন্ন এলাকায় শিশুখাদ্য এবং দুধে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল মেশানোর অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রে প্রকৃত দুধের পরিবর্তে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হচ্ছে। এতে জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। খাদ্যে ভেজালকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসাবে উল্লেখ করে তিনি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
কমিটির আরেক সদস্য শামসুননাহার বেগম বৈঠকে বলেন, ভেজাল খাদ্য, বিশেষ করে শিশুখাদ্য, দুধ ও অন্যান্য পণ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানো শুধু বাজার পর্যায়ে বন্ধ করলে চলবে না। কারখানা পর্যায়েই অভিযান চালাতে হবে। অপরাধীদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বৈঠকে চালের বাজার স্থিতিশীল রাখা নিয়েও আলোচনা হয়। কমিটির সদস্য আবু তালেব বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন ও মজুত নিশ্চিত না হলে এবং আমদানিনির্ভরতা থাকলে সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। জবাবে খাদ্য মন্ত্রণালয় জানায়, সুগন্ধি চাল রপ্তানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নির্ধারিত নীতিমালার আওতায় দেওয়া হয়েছে। তবে বাজারদর ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার সতর্ক অবস্থান নিয়েছে।
বৈঠকে ওএমএস ও খাদ্য বিতরণ কার্যক্রমে অনিয়ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কমিটির একাধিক সদস্য। কমিটির সদস্য মো. আবদুল করিম বলেন, ইউনিয়ন পর্যায়ে টিসিবি ও ওএমএসের চাল বিতরণে অনেক সময় নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক সময় ওজনেও কারচুপির আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে। প্রকৃত কৃষক যাতে ধান সংগ্রহ ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে জন্য বিতরণ এবং সংগ্রহ প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে হবে।
ওএমএসের চাল ও খাদ্য বিতরণের দীর্ঘ লাইনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন কমিটির আরেক সদস্য শামসুননাহার বেগম। এ ছাড়া দেশের খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা, আধুনিক খাদ্যগুদাম নির্মাণ, পুরোনো সাইলো প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করা এবং খাদ্য সংগ্রহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতের সুপারিশ করেন কমিটির সদস্যরা।
বৈঠকে মন্ত্রণালয়ের জনবল সংকট নিয়ে আলোচনা হয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, দেশের বিভিন্ন এলাকা পরিদর্শনে দেখা গেছে, খাদ্য বিভাগের অনেক জায়গায় প্রয়োজনীয় জনবলের তুলনায় ৫০ শতাংশ বা তারও কম জনবল দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। এসময় মন্ত্রী জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম জোরদার করতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি বড় ল্যাবরেটরি স্থাপন এবং জেলা পর্যায়ে মিনি ল্যাব ও ভ্যান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে ১৫ লাখ টন খাদ্য মজুতের আগের ধারণাকে বাদ দিয়ে আরও বেশি খাদ্য মজুত এবং এজন্য খাদ্য সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নিতে বলে কমিটি। এজন্য তারা যত দ্রুত সম্ভব শূন্য পদ পূরণ এবং অনিয়ম বন্ধে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি ডিজিটালাইজড করার নির্দেশনা দেন।
এদিকে মঙ্গলবার কমিটির দ্বিতীয় বৈঠকে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়। এসময় প্রত্যেক শ্রমিকের কাছে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে বলে তথ্য দেওয়া হয়। বৈঠকে আরও জানানো হয়, খাদ্যগুদামগুলোর মজুত ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার টন। এ থেকে বৃদ্ধি করে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বৈঠকে কমিটির সদস্য খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মণ্ডল, মো. আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।
