Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

বিবিএসের জরিপ

বৈচিত্র্য নেই ৬৫% শিশুর খাবারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের ছয় মাস থেকে দুই বছর বয়সি শিশুদের প্রায় ৬৫ শতাংশই পর্যাপ্ত বৈচিত্র্যময় খাবার পাচ্ছে না। অর্থাৎ, এসব শিশুর খাবারে প্রয়োজনীয় খাদ্যগোষ্ঠীর বেশির ভাগই অনুপস্থিত। জেলা পর্যায়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ব্রাহ্মণবাড়িয়ায় এ হার প্রায় ৭৯ শতাংশ, সিলেটে ৭৮ শতাংশ এবং যশোরে ৭৭ শতাংশের বেশি। বিপরীতে গাজীপুরে এ হার তুলনামূলক কম, ৪৭ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘প্রোগ্রেস ইন দ্য পাথওয়ে : বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০২৫-ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে দেশের ৬৪ জেলার বিভিন্ন সামাজিক ও মানব উন্নয়ন সূচকের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৬ থেকে ২৩ মাস বয়সি শিশুদের মধ্যে ৬৪ দশমিক ৮ শতাংশ আগের দিন আটটি নির্ধারিত খাদ্যগোষ্ঠীর মধ্যে চারটি বা তার কম গোষ্ঠীর খাবার পেয়েছে। মিকসের সূচকে এটিকে ‘চাইল্ড ফুড পভার্টি’ বা শিশুর খাদ্য দারিদ্র্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, এসব শিশুর খাবারে খাদ্যগোষ্ঠীর বৈচিত্র্য সীমিত।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। জেলাটিতে এ হার ৭৯ দশমিক ০৩ শতাংশ। এরপর রয়েছে সিলেট, ৭৮ দশমিক ০১ শতাংশ; যশোর, ৭৭ দশমিক ০১ শতাংশ; বান্দরবান, ৭৬ দশমিক ৮৫ শতাংশ; শেরপুর, ৭৬ দশমিক ৪৪ শতাংশ এবং জামালপুর, ৭৫ দশমিক ৪৩ শতাংশ। অর্থাৎ, এসব জেলার প্রতি চার শিশুর মধ্যে প্রায় তিনজনই পর্যাপ্ত বৈচিত্র্যময় খাবার পাচ্ছে না।

অন্যদিকে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে গাজীপুর। জেলাটিতে শিশুর খাদ্য দারিদ্র্যের হার ৪৭ দশমিক ৩৮ শতাংশ। এ ছাড়া জয়পুরহাটে ৫০ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৫১ দশমিক ০৩ শতাংশ এবং পিরোজপুরে ৫২ দশমিক ৪৪ শতাংশ।

বিভাগীয় পর্যায়েও বড় ধরনের পার্থক্য দেখা গেছে। সিলেট বিভাগে শিশুর খাদ্য দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, ৭২ দশমিক ১৪ শতাংশ। ময়মনসিংহে এ হার ৭০ দশমিক ৭৫ শতাংশ, খুলনায় ৬৮ দশমিক ০৫ শতাংশ এবং চট্টগ্রামে ৬৭ দশমিক ৪৩ শতাংশ। ঢাকা বিভাগে হার তুলনামূলক কম, ৫৮ দশমিক ৪১ শতাংশ।

প্রতিবেদনের সূচকটি মূলত শিশুদের খাবারের বৈচিত্র্য পরিমাপ করে। আগের ২৪ ঘণ্টায় একটি শিশু আটটি নির্ধারিত খাদ্যগোষ্ঠীর মধ্যে কতটি থেকে খাবার পেয়েছে, তার ভিত্তিতে হিসাবটি করা হয়েছে। চারটি বা তার কম খাদ্যগোষ্ঠী থেকে খাবার পাওয়া শিশুদের এ সূচকে খাদ্য দারিদ্র্যের আওতায় ধরা হয়েছে।

তবে এই হারকে সরাসরি আয়ভিত্তিক দারিদ্র্য বা অপুষ্টির হার হিসাবে দেখার সুযোগ নেই। কোনো শিশু অপুষ্টিতে ভুগছে কি-না, তা নির্ধারণে ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী শারীরিক বৃদ্ধির মতো পৃথক সূচক বিবেচনা করতে হয়। একইভাবে শিশুর খাদ্য দারিদ্র্যের হার থেকে পরিবারের আয় বা খাদ্য কেনার সামর্থ্য সম্পর্কে সরাসরি সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তবে ৬ থেকে ২৩ মাস বয়সি শিশুদের খাবারে বৈচিত্র্যের ঘাটতির এই চিত্র শিশু পুষ্টি পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করে। বিশেষ করে যেসব জেলায় এ হার ৭৫ শতাংশের বেশি, সেখানে শিশুদের খাদ্যাভ্যাস ও পুষ্টি পরিস্থিতি নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

বিবিএসের এই জেলা অ্যাটলাসে শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন সূচকের তথ্য তুলে ধরা হয়েছে। জেলা ও বিভাগভিত্তিক এসব তথ্যের মাধ্যমে দেশের কোন অঞ্চলে শিশুদের জীবনমান ও বিকাশের ক্ষেত্রে কী ধরনের ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করার সুযোগ তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিবিএসের জরিপ বৈচিত্র্য নেই ৬৫% শিশুর খাবারে

বৈচিত্র্য নেই ৬৫% শিশুর খাবারে

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর ১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

কারখানায় মেশাচ্ছে ভেজাল খাদ্যেই ক্যানসারের ঝুঁকি

কারখানায় মেশাচ্ছে ভেজাল খাদ্যেই ক্যানসারের ঝুঁকি

চট্টগ্রামে বিএনপি নেতার হাতে জিম্মি মৎস্য অবতরণ কেন্দ্র

চট্টগ্রামে বিএনপি নেতার হাতে জিম্মি মৎস্য অবতরণ কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম