হাসিনার দেশে ফেরার গুঞ্জন
সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে যাবেন-এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রতিবাদে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের অপতৎপরতা, নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়ে তাৎক্ষণিক মশাল মিছিল ও সমাবেশ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের সংগীতা মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা রুখে দিতে তারা প্রস্তুত। কেউ দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। সমাবেশে বক্তৃতা করেন-সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন। এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
